২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্বংসস্তূপ সরানো চলছে

সাভারে ভবন ধসের ১১০ ঘণ্টা পর ভারী সরঞ্জামের মাধ্যমে ধ্বংসস্তূপ সরানো শুরু করেছেন উদ্ধারকর্মীরা। আর এর মধ্য দিয়ে কার্যত শেষ হযেছে জীবিতদের সন্ধান।

গোলাম মুজতবা ধ্রুব

আশিক হোসেন, সালাহউদ্দিন ওয়াহিদ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 05:44 PM

Updated : 13 Oct 2022, 02:50 PM

পুরনো খবর:

উদ্ধারে নামছে ভারী সরঞ্জাম
উদ্ধারকাজে যোগ হচ্ছে ভারী যন্ত্রপাতি
‘ম্যাসিভ অভিযান এখনি নয়’

রোববার রাত সাড়ে ১১টায় দুটি হাইড্রোলিক ক্রেন দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। প্রথমেই একটি ক্রেন দিয়ে সরানো হয় প্রায় অর্ধেক দাঁড়িয়ে থাকা একটি পিলার।

জীবিতদের উদ্ধারের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ায় এর আগে ভারী যন্ত্রপাতি ব্যবহার হয়নি; যদিও তা কয়েকদিন আগেই আনা হয়েছিল।

ভয়াবহ এই ভবন ধসে এই পর্যন্ত ৩৭৭টি লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আড়াই হাজার জনকে। 

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে চার দিন পরও জীবিতদের সন্ধান মেলায় ভারী যন্ত্রপাতি ব্যবহার না করে কেটে কেটে গর্ত তৈরি করে বিভিন্ন স্থানে সন্ধান চালাচ্ছিলেন উদ্ধারকর্মীরা। রোববার দুপুরেও জীবিত উদ্ধার হন পাঁচজন।   

উদ্ধারকর্মীদের ধারণা অনুযায়ী সর্বশেষ জীবিত একজনকে উদ্ধারে রাত সোয়া ১০টা পর্যন্ত চেষ্টা চলে। কিন্তু শাহীনা নামে ওই পোশাককর্মীকে উদ্ধারে ভবনের কনক্রিটের রড কাটার সময় আগুন ধরে যায়। এতে আহত হন তিনজন উদ্ধারকর্মী।

সেখানে উদ্ধার অভিযানে থাকা এক দমকলকর্মী বেরিয়ে আসার সময় কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, তারা ওই নারীকে উদ্ধারে ব্যর্থ হয়েছেন।

এরপরই বড় ধরনের উদ্ধার অভিযান শুরু হয়। রাতে এক পর্যায়ে ধসে পড়া ভবনের চৌহদ্দী থেকে সাংবাদিকসহ সবাইকে সরিয়ে দেয়া হয়। সেখানে ছিলেন শুধু উদ্ধারকাজে যুক্ত সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

ভারী সরঞ্জাম ব্যবহার শুরুর আগ মুহূর্তে সাংবাদিকদের ডেকে নেয়া হয় ৩৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে নির্মিত এই ভবনের পেছন দিকে, যে ভবনটি যুবলীগ নেতা সোহেল রানা বেআইনিভাবে নির্মাণের অভিযোগে ইতোমধ্যে মামলা হয়েছে।

সেনা কর্মকর্তারা জানান, দ্বিতীয় পর্যায়ের উদ্ধার কাজ শুরু করছেন তারা।

এই অভিযানে নেতৃত্ব দেয়া সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আজমল কবীর সাংবাদিকদের বলেন, “কেউ জীবিত নেই বলে ধারণা করেই আমরা দ্বিতীয় পর্যায়ের উদ্ধার কাজ শুরু করেছি।”

তবে সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমরা সময় নিয়ে এগোচ্ছি। ধীরে ধীরে কাজ করা হবে।”

কেউ বেঁচে থাকলে তারা ক্ষতিগ্রস্ত যেন না হন সেজন্য এই সতর্কতা বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল আজমল।

ভারী সরঞ্জাম ব্যবহারের আগে ধ্বংসস্তূপে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রাত ১০টা ৫ মিনিটের দিকে। শাহীনাকে উদ্ধারে রড কাটার সময় স্ফূলিঙ্গ থেকে গার্মেন্টসের কাপড়ে আগুন লেগে যায়।

ধসে পড়া এই ভবনে পাঁচটি কারখানা ছিল। মঙ্গলবার ফাটল দেখা দিলেও বুধবার মালিক পক্ষ কাজে যোগ দিতে বাধ্য করে বলে শ্রমিকদের অভিযোগ।

আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সঙ্গে সঙ্গে কাজ শুরু করে এবং ২০ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণেও আনে।

সেখানে থাকা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই উদ্ধার তৎপরতার সময় শাহিনা আক্তারের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। শাহীনাকে ভেতর থেকে আনতে রড কেটে গর্ত তৈরি করা হচ্ছিল, তখনি আগুন ধরে যায়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুপুর ২টার দিকে তারা শাহিনার অবস্থান জানতে পেরেছিলেন, তবে তার কাছাকাছি পৌঁছতে পারছিলেন না।

গত বুধবার সকালে ভবন ধসের পর প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন, এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে উদ্ধার অভিযান চললেও স্চ্ছোসেবকরা ঝুঁকি নিয়েই কাজ অব্যাহত রাখেন, যাদের প্রশংসা প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের মুখেও শোনা গেছে।

শুরু থেকে ছোট ছোট গর্ত করে বিভিন্ন স্থান থেকে জীবিতদের উদ্ধার করা হচ্ছিল, এর মধ্যে লাশ উদ্ধারও চলছিল।

আহতদের অধিকাংশকেই নেয়া হয়েছে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে, সাভার সম্মিলিত সামরিক হাসপাতালেও নেয়া হয় অনেককে।

লাশ রাখা হচ্ছে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে সনাক্ত করে লাশ গ্রহণ করেন স্বজনরা। সেসব লাশের কোনো দাবিদার তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তা পাঠিয়ে দেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল মর্গে।  

জীবিতদের উদ্ধারে গুরুত্ব দিয়ে চারদিন ধরে অভিযান চালানোর পর রোববার সকালে ভারী যন্ত্রপাতি ব্যবহারের উদ্যোগ নেয়া হয়।

উদ্ধার অভিযানে থাকা বিমান বাহিনীর প্রতিনিধি ফ্লাইট লেফটেন্যান্ট সঞ্জিব সাহা জানান, বুলডোজার, ক্রেন, ফর্কলিফ্টার, ডাম্পার, এক্সকেভেটরসহ বিভিন্ন ভারী যন্ত্র আনা হয়েছে।

কিন্তু সকালে জীবিত আরো কয়েকজনের সন্ধান পাওয়ার পর এসব ভারী যন্ত্রপাতি ব্যবহার আপাতত না করার সিদ্ধান্ত হয়।

এরপর সন্ধ্যায় ধ্বংসস্তূপের চারপাশে প্রশিক্ষিত উদ্ধারকর্মীরা ছাড়া আর সবার ঢোকা বন্ধ করে দেয়া হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে সচল হয় ভারী যন্ত্রগুলোর ইঞ্জিন।

ক্রেন ও ফর্কলিফটার দিয়ে ভবনের বিভিন্ন ভারী কংক্রিটের টুকরা উঠানো হবে।এক্সকেভেটর আর বুলডোজার ধসে পড়া ভবনের বিভিন্ন অংশ সরাবে। ইট-কংক্রিটের টুকরো সরিয়ে নেয়ার জন্য বেশ কয়েকটি ডাম্পার আর ট্রাক আশেপাশেই রাখা হয়েছে।