‘ম্যাসিভ অভিযান এখনি নয়’
ধ্বংসস্তূপের মধ্যে এখনো জীবিত মানুষ পাওয়া যাওয়ায় সাভারে রানা প্লাজায় ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার অভিযান এখনি চালানো হচ্ছে না।
উদ্ধার অভিযানে নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল হাসান শহীদ সোহরাওয়ার্দী শনিবার দুপুরে সাংবাদিকদের একথা বলেছেন।
গত বুধবার ধসে পড়া ওই ভবনের ধ্বংসস্তূপ থেকে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১৮ জনেক জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিত আরো মানুষ ভেতরে রয়েছেন বলে উদ্ধারকর্মীরা বলছেন।
মেজর জেনারেল হাসান সোহরাওয়ার্দী বলেন, “আমরা এখনো জীবিত মানুষ পাচ্ছি। জীবিত সর্বশেষ ব্যক্তিটিকেও আমরা উদ্ধার করতে চাই। তাই ম্যাসিভ অপারেশন এখনি চালানো হবে না।”
গত বৃহস্পতিবার জানানো হয়েছিল, শনিবার সকাল থেকে ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হবে।
তবে ৭২ ঘণ্টা পরও জীবিতদের সন্ধান পাওয়ায় ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে উদ্ধারকারী দল। সরকারের পক্ষ থেকেও জীবিতদের উদ্ধারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
প্রথম দিন থেকে উদ্ধার অভিযানে থাকা মেজর জেনারেল সোহরাওয়ার্দী বলেন, ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধার অভিযান জীবিতদের ঝুঁকিতে ঠেলে দিতে পারে।
তাই ভারী যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে না, যদিও ভারী যন্ত্রপাতি ইতোমধ্যে সেখানে জড়ো করা হয়েছে।
দুপুর সোয়া ২টার দিকে ওরিয়ন গ্রুপের একটি বিশাল হাইড্রোলিক ক্রেন সেখানে আসতে দেখা যায়।
ক্রেনের চালকের সহকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ধার কাজের জন্য আমরা এসেছি। সুবিধাজনক সময়ে আমরা কাজে নামবো।”
রানা প্লাজার ধ্বংসস্তূপে উদ্ধারকাজে ব্যাস্ত উদ্ধারকর্মীরা।
মেজর জেনারেল সোহরাওয়ার্দী বলেন, “এই উদ্ধার অভিযান এখন খুবই ঝুঁকিপূর্ণ। নিজেদের প্রাণ বাজি রেখে উদ্ধারকর্মীরা কাজ করছেন।”
উদ্ধার কাজে বিদেশি সহযোগিতা চাওয়া হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমরা ক্যাপাবল। তাই এর প্রয়োজন নেই।”
এই প্রসঙ্গে তিনি আবারো বলেন, ধসে পড়া এই ভবনে এখন উদ্ধার কাজ চালানোও ঝুঁকিপূর্ণ। আর তার মধ্যেই উদ্ধারকর্মীরা কাজ করছেন।
সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ, র্যাব সদস্যরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন। স্চ্ছোসেবক হিসেবে স্থানীয়রাও কাজ করছেন সেখানে।
সাভারে এই ভবন ধসে নিহতের সংখ্যা ইতোমধ্যে সোয়া তিনশ’ ছাড়িয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আড়াই হাজার জনকে।
ভবনটিতে মোট পাঁচটি পোশাক কারখানা ছিল, এছাড়াও ছিল দোকানপাট।
গত মঙ্গলবার ভবনে ফাটল দেখা দিলেও পুলিশের মানা না মেনে বুধবার পোশাক কারখানাগুলোতে কাজ চলছিল, এর মধ্যেই এটি ধসে পড়ে। শ্রমিকদের অভিযোগ, তাদের কাজে যোগ দিতে বাধ্য করা হয়।
পাঁচ কারখানার দুটির মালিককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে সাভার পৌরসভার দুই প্রকৌশলীকেও।
ভবন মালিক যুবলীগ নেতা সোহল রানা পালিয়ে গেলেও গ্রেপ্তার করা হয়েছে তার দুই স্বজনকে।
