২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধারকাজে যোগ হচ্ছে ভারী যন্ত্রপাতি

সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপে এখনো যারা জীবিত আছেন, তাদের উদ্ধারে এবার ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরু করছেন উদ্ধারকর্মীরা।   

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 04:51 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

রোববার বেলা পৌনে ১১টায় ধসে পরা ভবনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর উদ্ধারকারী দলের পক্ষ থেকে এ তথ্য জানান উদ্ধার কাজের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী।

এর আগে ভোরেই রানা প্লাজার ধ্বংস্তূপের আশপাশ থেকে উদ্ধারকর্মী ছাড়া সবাইকে সরিয়ে দেয়া হয়। হাইড্রলিক ক্রেন, ডোজার ও  লোডারের মতো ভারী সরঞ্জাম নিয়ে আসা হয় ভবনের সামনের অংশে।

ব্রিফিংয়ে জানানো হয়, উদ্ধারকাজে অংশ নেয়া বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বৈঠকে ভারী যন্ত্রপাতি ব্যবহারের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী জানান, ধসে পড়া ভবনের তৃতীয় তলায় জীবিত আরো ৯ জনের সন্ধান পাওয়া গেছে। তাদের উদ্ধার করা সম্ভব হলেই ভারী যন্ত্রপাতির ব্যবহার শুরু হবে।

তিনি বলেন, এ ধরনের উদ্ধার কাজ করতে হয় তিনটি পর্যায়ে। প্রথম পর্যায়ে জীবিতদের উদ্ধারের জন্য ‘ম্যানুয়াল পদ্ধতিতে’ কাজ হয়। পরের দুটি পর্যায়ে পুরো ধ্বংসস্তূপ অপসারণ করা হয়।

“আমরা এ কয় দিন ভেতরে আটকে পড়া জীবিতদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিয়েছি। কাজের প্রথম স্তরেই থেকেছি। কিন্তু কাজের এই পর্যায়ে এসে ম্যানুয়ালি উদ্ধার প্রক্রিয়া কিছুটা কঠিন হয়ে পড়েছে। আমরা তাই ম্যানুয়ালি উদ্ধারের সাথে সাথে কিছু প্রযুক্তির সহায়তা নিতে চাচ্ছি।”

সাভারের জিওসি বলেন, অভিযানে নিয়োজিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে জানিয়েছেন, ধসের চার দিন পর এই অবস্থায় এখনো ‘ম্যানুয়ালি’ কাজ চালিয়ে গেলে ভেতরে আটকে পড়াদের সঙ্গে উদ্ধারকর্মীরাও ঝুঁকির মধ্যে পড়বেন।

“আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি, প্রথম পর্যায়ের উদ্ধার অভিযানে জীবিতদের উদ্ধারের জন্য ইকুইপমেন্ট ব্যবহার করব। এখানে প্রযুক্তির ব্যবহারে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এতে করে জীবিতদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং কাজের গতি বাড়বে।”

“এ পর্যায়ে ইকুইপমেন্টের ব্যবহার ছাড়া কোনো বিকল্প নেই”, বলেন তিনি। 

বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্রাকচারাল ইনজিনিয়ারিং ইউনিট, ফায়ার ব্রিগেড, রেড ক্রিসন্ট ও কমিউনিটি ভলান্টিয়াররা এই উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।  এর পাশাপাশি বিমান বাহিনী, নৌ বাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, স্থানীয় প্রশাসনসহ স্থানয়ি অগণিত স্বেজ্ছাসেবী এই উদ্ধার কাজে সহযোগিতা দিচ্ছেন।

এই উদ্ধার অভিযানে অংশ নেয়া সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান চৌধুরী হাসান সোহরাওয়ার্দী।

তিনি জানান, পাঁচ দিনের উদ্ধার অভিযানে এ পর্যন্ত ২৪৩৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় উদ্ধার করা হয়েছে ৩০ জনকে।

গত বুধবার ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ডের নয় তলা ভবন রানা প্লাজা। সাভার পৌর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল রানার মালিকানাধীন এই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ইলেকট্রনিক্স, কম্পিউটার, প্রসাধন সামগ্রী ও পোশাকের দোকান ছিল। আর তৃতীয় তলা থেকে ওপরের দিকে ছিল নিউ ওয়েভ বটমস লিমিটেড, নিউ ওয়েভ স্টাইল, নিউ ওয়েভ অ্যাপারেলস, ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড, ফ্যান্টম ট্যাক লিমিটেড ও ইথার টেক্সটাইল লিমিটেড নামে পাঁচটি পোশাক কারখানা।

৫৬ শতাংশ জমির ওপর নির্মিত নয় তলা ওই ভবন ধসে পড়ে এখন তিন তলার উচ্চতা নিয়ে আছে। আর কনক্রিট কেটে গর্ত তৈরি করে ভেতরে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মী দল।