২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধারে নামছে ভারী সরঞ্জাম

সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপে উদ্ধার অভিযানের পঞ্চম দিনে এসে ভারী যন্ত্রপাতি ব্যবহার করার প্রস্তুতি নিয়েছে উদ্ধারকারীরা।

গোলাম মুজতবা ধ্রুব

আশিক হোসেন ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 01:23 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

রোববার সকালে এক প্রেস ব্রিফিংয়ে জীবিতদের আর সন্ধান না পাওয়া গেলে ভারী যন্ত্রপাতি কাজে লাগানোর কথা জানিয়েছিলেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী।

কিন্তু ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের সন্ধান পাওয়ায় হস্তচালিত যন্ত্র কাটার আর ড্রিল মেশিনের মাধ্যমে কনক্রিট কেটে গর্ত তৈরি করে ভেতরে তল্লাশি চালায় উদ্ধারকর্মী দল। এভাবেই জীবিত অবস্থায় বের করে আনা হয় পাঁচ জনকে।

সন্ধ্যার পর থেকে চলে ক্রেন, বুলডোজারে মতো ভারী যন্ত্র ব্যবহারের প্রস্তুতি। গর্ত করে করে জীবিতদের উদ্ধার কাজে ইতি টানা হলেই চালু হবে যন্ত্রগুলোর শক্তিশালী ইঞ্জিন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহীনুল ইসলাম বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “আমরা প্রথম পর্যায়ে যে অনুসন্ধান করেছি, তার সম্প্রসারণ হবে দ্বিতীয় পর্যায়ে। একজন জীবিত আটকা থাকলেও আমাদের উদ্ধারকাজ চলবে।”

শাহীনুল ইসলাম জানান, 'দ্বিতীয় পর্যায়ের' উদ্ধার অভিযানে তিনটি শক্তিশালী ক্রেন ছাড়াও ভারী সব যান ও সরঞ্জাম প্রস্তুত রয়েছে। ভেতরে কিছু উদ্ধারকর্মী আছেন, সাংবাদিকরাও আছেন। তারা বেরিয়ে আসার পর যে কোনো মূহুর্তে কাজ শুরু করা হবে।

অবশ্য সকালেই রানা প্লাজার ধ্বংস্তূপের আশপাশ থেকে উদ্ধারকর্মী ছাড়া সবাইকে সরিয়ে দেয়া হয়। হাইড্রলিক ক্রেন, ডোজার ও  লোডারের মতো ভারী সরঞ্জাম নিয়ে আসা হয় ভবনের সামনের অংশে।

সন্ধ্যায় ধ্বংসস্তূপের চারপাশে উদ্ধারকর্মীরা ছাড়া আর কাউকেই ঢুকতে দিচ্ছে না নিরাপত্তা রক্ষায় থাকা বাহিনীগুলোর সদস্যরা।

সাভারের উদ্ধার অভিজানে বিমান বাহিনীর প্রধান প্রতিনিধি ফ্লাইট লেফটেন্যান্ট সঞ্জিব সাহা সন্ধ্যায় জানান, উদ্ধারকারী দল লোডার, বুলডোজার, ক্রেন, ফর্কলিফ্টার, ডাম্পার, এক্সকেভেটরসহ বিভিন্ন ভারী যন্ত্রের ব্যবহার করা হবে।

ক্রেন ও ফর্কলিফটার দিয়ে চলবে ভবনের বিভিন্ন ভারী কংক্রিটের টুকরা উঠানো হবে।

এক্সকেভেটর আর বুলডোজার ধসে পড়া ভবনের বিভিন্ন অংশ সরানো হবে। ইট-কংক্রিটের টুকরো গুলো সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকটি ডাম্পার আর ট্রাক আশেপাশেই রাখা হয়েছে।

সকালে সংবাদ ব্রিফিংয়ে ভারী যন্ত্রপাতি ব্যবহারে যৌক্তিকতা তুলে ধরেছিলেন মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী, "আমরা এ কয় দিন ভেতরে আটকে পড়া জীবিতদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিয়েছি। কাজের প্রথম স্তরেই থেকেছি। কিন্তু কাজের এই পর্যায়ে এসে ম্যানুয়ালি উদ্ধার প্রক্রিয়া কিছুটা কঠিন হয়ে পড়েছে। আমরা তাই ম্যানুয়ালি উদ্ধারের সাথে সাথে কিছু প্রযুক্তির সহায়তা নিতে চাচ্ছি।”

সেনাবাহিনী ছাড়াও বেসরকারি বিভিন্ন নির্মাণ সংস্থা উদ্ধার অভিযানে ক্রেন, বুলডোজার, ডাম্পার, লোডারের মতো ভারী যান ও যন্ত্র দিয়ে সহায়তা করছে বলে তিনি জানান।

গত বুধবার ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ডের নয় তলা ভবন রানা প্লাজা। প্রথমে স্থানীয়রা ধ্বংস্তূপে উদ্ধার অভিযান শুরু করে, পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসসহ অন্য সংস্থাগুলোর সমন্বিত উদ্ধার অভিযান শুরু হয়।

সাভার পৌর যুবলীগের নেতা সোহেল রানার মালিকানাধীন ভবনটি ধসে পড়ার সময় ভেতরে পাঁচটি পোশাক কারখানা ও মার্কেটে কত মানুষ ছিল, তার সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, এই সংখ্যা সাড়ে ৩ হাজারের কাছাকাছি।