২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্বাসে আন্দোলন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

তিন মাসের মধ্যে হল নির্মাণ শুরুর আশ্বাস পেয়ে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 04:41 AM

Updated : 25 Apr 2022, 06:40 PM

নতুন হল নির্মাণ আর পুরানো হলগুলো উদ্ধারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে প্রায় তিন ঘণ্টা আলোচনার পর আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র এস এম নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, “আপাতত আন্দোলন প্রত্যাহার করেছি। তবে তিন মাসের মধ্যে দাবি পূরণ না হলে আমরা আবার আন্দোলনে যাব।" 

তিন মাসের মধ্যে হলের জন্য জমি কিনে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়ে উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, “আমরা আশা করছিলাম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসলে তারা অন্দোলন তুলে নেবে। সেটাই হয়েছে।”

আগামী জুন মাসের মধ্যে একাডেমিক ভবনের সম্প্রসারণের কাজ,  বেদখল হওয়া হলগুলো পুনরুদ্ধার, এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য একটি নতুন বাস কেনা এবং বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা দ্রুততম সময়ের মধ্যে স্থানান্তর করা হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস এম আনোয়ারা বেগম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমদ হালিম, প্রক্টর অশোক কুমার সাহাসহ সহকারী প্রক্টররা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাদের প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে দাবি আদায়ে বিভিন্ন রকম শ্লোগান দিতে দেখা যায়। পরে তারা তালা খুলে দিলেও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা।

ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায়সাহেব বাজার মোড়ে টায়ার ও কাপড় জ্বালিয়ে বিক্ষোভ করে। এ কারণে সদরঘাট পর্যন্ত সড়কে যান চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে।

এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব দিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।

এর আগে গত ২২ এপ্রিল সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে এবং রায়সাহেব বাজার মোড়ে মিছিল নিয়ে সড়ক অবরোধ করে।

২০ এপ্রিল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, উপাচার্যের কার্যালয় ঘেরাও ও ক্লাশ বর্জনের মধ্য দিয়ে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এই আন্দোলন শুরু হয়।

২০০৫ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় প্রায় দেড়শ’ বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠান। এরপর বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা হলের দাবিতে আন্দোলন করেছে।

পুরনো খবর:

জগন্নাথে হলের দাবিতে সড়কে শিক্ষার্থীরা