২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে হলের দাবিতে সড়কে শিক্ষার্থীরা

নতুন হল নির্মাণ আর পুরানো হলগুলো উদ্ধারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ শেষে সড়ক অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 06:05 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

শিক্ষার্থীদের আন্দোলনের তৃতীয় দিন সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নিলে সদরঘাট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। আধ ঘণ্টার অবরোধ শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

এর আগে সকাল সোয়া দশটার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করে হলের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে তারা উপাচার্যের কার্যালয় ঘেরাও কর। এ সময় প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এরপর বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের তালা ভেঙ্গে রায়সাহেব বাজার মোড়ে মিছিল নিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, উপাচার্যের কার্যালয় ঘেরাও ও ক্লাশ বর্জনের মধ্য দিয়ে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এই আন্দোলন শুরু হয়।

রোববার তারা শাঁখারীবাজার মোড়ে সড়ক অবরোধ করে।

২০০৫ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় প্রায় দেড়শ’ বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠান। এরপর বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা হলের দাবিতে আন্দোলন করেছে।

দাবি না মানলে ২৮ এপ্রিল থেকে পুরান ঢাকায় লাগাতার হরতাল করারও হুমকিও দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র এস এম নাজমুল হাসান হরতালের কারণে মঙ্গল ও বুধবারের কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন।

আর দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রায়সাহেব বাজার মোড়ে অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়ে তিনি বলেন, “দাবি আদায় না হওয়া পর্য়ন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনে বাধা দিলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকিও দেন তিনি।

পুরনো খবর:

হলের দাবিতে জগন্নাথে ক্লাস বর্জনের ঘোষণা
জগন্নাথে হলের দাবিতে সড়ক অবরোধ