হলের দাবিতে জগন্নাথে ক্লাস বর্জনের ঘোষণা
হল নির্মাণের দাবিতে আন্দোলন শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে সহস্রাধিক শিক্ষার্থী শনিবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে।
ঘণ্টাখানেক উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয়া হয়।
এছাড়া এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে ২৮ এপ্রিল থেকে পুরান ঢাকায় লাগাতার হরতাল করারও পালনের হুমকিও দিয়েছে তারা।
বিশ্ববিদ্যালয়ের ‘বেদখল’ ১২টি হল উদ্ধার করে শিক্ষার্থীদের আবাসনেরও দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “শিক্ষার্থীরা তারা তাদের ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন করছে।”
২০০৫ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় প্রায় দেড়শ’ বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠান। এরপর বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা হলের দাবিতে আন্দোলন করেছে।
