২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে হলের দাবিতে সড়ক অবরোধ

নতুন হল নির্মাণ আর পুরানো হলগুলো উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। সোমবারও রয়েছে একই কর্মসূচি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 06:55 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

শিক্ষার্থীদের আন্দোলনের দ্বিতীয় দিন রোববার সকাল ১০টার দিকে প্রায় দুই হাজার শিক্ষার্থী ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারিরা শাঁখারিবাজার মোড়ে গিয়ে রাস্তায় অবস্থান নেয়।

এ সময় তারা রায়সাহেবের বাজার থেকে সদরঘাট পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয়।

সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দেয়। পুলিশ টায়ার সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

দুপুর দেড়টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে।

সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র এসএন নাজমুল হাসান জানান, সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

সাড়ে ১০টা থেকে রায়সাহেবের বাজার মোড়ে অবস্থান ধর্মঘট পালন করা হবে।

তিনি বলেন, “আমাদের অবস্থান ধর্মঘটে যদি বাধা দেয়া হয় তবে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, উপাচার্যের কার্যালয় ঘেরাও ও ক্লাশ বর্জনের মধ্য দিয়ে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এই আন্দোলন শুরু হয়।

এছাড়া এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে ২৮ এপ্রিল থেকে পুরান ঢাকায় লাগাতার হরতাল করারও হুমকিও দিয়েছে তারা।

২০০৫ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় প্রায় দেড়শ’ বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠান। এরপর বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা হলের দাবিতে আন্দোলন করেছে।

পুরনো খবর:

হলের দাবিতে জগন্নাথে ক্লাস বর্জনের ঘোষণা