রেলের টাকা চুরির দায়ে দুজন বরখাস্ত
টাকা চুরির ঘটনায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল-রাজশাহীর প্রধান বুকিং সহকারী ও স্টেশন সুপারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শনিবার বরখাস্ত হওয়া এ দুই কর্মকর্তা হলেন প্রধান বুকিং সহকারী রাব্বেল আলী ও স্টেশন সুপার আব্দুল করিম।
এ ঘটনা তদন্তে অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মুরাদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটি শনিবার দুপুর থেকে কাজ শুরু করেছে। তদন্তের পর মামলা করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
পশ্চিমাঞ্চল রেলের ব্যবস্থাপক ফেরদৌস আলম বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে প্রধান বুকিং সহকারীর (টিকেট) কক্ষের সিন্দুকের ১১ লাখ টাকার মধ্যে ৮ লাখ ৮৪ হাজার টাকা চুরির খবরটি প্রকাশ পায়।
সিন্দুকের চাবি তার সঙ্গেই ছিল, বলেন ফেরদৌস আলম।
এ টাকার হদিস এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।
বরখাস্ত স্টেশন সুপার আব্দুল করিম বলেন, “আমার কক্ষে এ ঘটনা ঘটেনি। পুরো স্টেশন আমার তত্বাবধানে থাকে। তাই আমাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”
