২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক কর্মসূচিতে শিশু নয়: ইউনিসেফ

রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার না করতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 09:49 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ-সমাবেশে শিশুদের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ শিশু তহবিল বলছে, শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে বর্তমান সমস্যার সমাধান করতে হবে।

শুক্রবার ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়, দাবি জানানোর উপায় হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিগত কয়েক সপ্তাহ ধরে হরতাল এবং সমাবেশের ডাক দিয়ে আসছে যাতে শিশুদের অংশ নিতেও দেখা যাচ্ছে।

বিবৃতিতে ইউনিসেফ প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ বলেন, “রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য শিশুদের ব্যবহার করা অবশ্যই বন্ধ হওয়া উচিৎ।”

শিশুরা যাতে সবধরনের সহিংসতা থেকে নিরাপদে থাকে তা নিশ্চিত করতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।

হরতালের সময় শিশুদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকারকেও অনুরোধ জানিয়েছে ইউনিসেফ।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ শিশু অধিকার সনদে (সিআরসি) স্বাক্ষরদানকারী একটি দেশ।এতে বলা হয়েছে, শিশুদেরকে সবধরণের শারীরিক বা মানসিক সহিংসতা, আঘাত বা হয়রানি, অবহেলাজনিত ব্যবহার, দুর্ব্যবহার বা শোষণ থেকে নিরাপদ রাখতে হবে।

রাজনৈতিক সমাবেশে শিশুদের ব্যবহার করা হলে তারা শারীরিক এবং মানসিক সহিংসতা এবং আঘাতজনিত ঝুঁকির মুখে পড়তে হতে পারে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

জাতীয় শিশু নীতিতেও বলা হয়েছে, শিশুদের রাজনৈতিক কাজে ব্যবহার এবং এ ধরনের কাজে প্রলুব্ধ বা বাধ্য করাও যাবে না।

শিশুদের সব ধরনের সহিংসতা থেকে দূরে রাখা এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে বর্তমান সমস্যা সমাধানের জন্যেও ইউনিসেফ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে।