২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: মনিরুজ্জামানের সাক্ষ্যগ্রহণ চলছে

১০ ট্রাক অস্ত্র মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 01:56 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার বিকালে চট্টগ্রামের বিশেষ ট্রাইবুন্যাল-১ এর বিচারক ও মহানগর দায়রা জজ এসএম মজিবুর রাহমানের আদালতে তিনি সাক্ষ্য দেন।

৫০ মিনিট ধরে জবানবন্দি দেয়ার পর বিচারক মামলার কার্যক্রম মুলতবি করে আগামী ৫ মে পরবর্তী তারিখ নির্ধারণ করেন। ওইদিন পুনরায় আইওর সাক্ষ্য নেয়া হবে।

মনিরুজ্জামান বর্তমানে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডি চট্টগ্রামে কর্মরত আছেন।

সাক্ষ্যে তিনি বলেন, ২০০৯ সালের ৪ ফেব্রুয়ারি মামলার নথিপত্র বুঝে নিয়ে কারাগারে থাকা আসামি হাফিজুর রহমান ও দ্বীন মোহাম্মদকে রিমান্ডে নেয়ার আবেদন জানালে আদালত পাঁচ দিন ও চার দিন করে দুই দফায় তাদের রিমান্ড মঞ্জুর করেন।

‘জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) লোক জড়িত আছে বলে জানায়।’

আসামি হাফিজুর রহমান তার সঙ্গে ভারতের বিচ্ছন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়–য়ার পরিচয় ও সম্পর্ক আছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে আদালতে জানান মনিরুজ্জামান।

তিনি বলেন, ‘হাফিজ বিভিন্ন সময় ঢাকায় গিয়ে পরেশ বড়–য়ার সঙ্গে দেখা করতেন এবং অর্থিক সহায়তা নিতেন।’

সাক্ষ্যে মনিরুজ্জামান বলেন, ‘তাদের বক্তব্যের উপর ভিত্তি করে এবং বেশ কয়েকজন সাক্ষীর জবানবন্দিতে এনএসআই’র ফিল্ড অফিসার আকবর হোসেনের নাম জানা যায় এবং সংস্থাটির অনুমতি নিয়ে তাকে গ্রেপ্তার করি।’

‘গ্রেপ্তারের পর আকবর হোসেনকে আদালতের অনুমতি নিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করি এবং ২০০৯ সালের ২ মে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।’

এসময় আকবর হোসেনের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয় বলেও জানান এই তদন্ত কর্মকর্তা।

এদিকে মনিরুজ্জামানের সাক্ষ্য দেয়ার আগে আদালতের বিচারককে উদ্দেশ্য করে আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন,  “স্যার আমার কিছু বলার আছে। বিনয়ের সাথে বলছি আমার কোন আইনজীবী নাই। আজ হরতাল। আপনি যদি চান আজকের দিনটা সময় দিতে পারেন। আপনি যদি আজ সাক্ষ্য গ্রহণ করেন তাহলে আমাদের নায্য অধিকার থেকে বঞ্চিত করবেন।”

এসময় তিনি আদালতে আরও বলেন, একটা মিথ্যা সাক্ষী দেয়ার জন্য  তাকে এ মামলায় আসামি করা হয়েছে। এ ঘটনার তিনি কিছুই জানেন না। তাকে ১৪ দিন রিমান্ডে নেয়া হলেও এ বিষয়ে কেউ কিছু জিজ্ঞাসাবাদ করেনি।

এসময় বিচারক বলেন,  “আজ হরতাল নয়। হরতাল হলে আমিও এজলাসে বসতাম না। তাছাড়া আপনার কোনো ক্ষতি হবে না। আপনার লইয়ারকে সময় দেয়া হবে।”

এসময় বাবর আদালতে বলেন, “এনাফ ইজ এনাফ। একদিনে কিছু যায় আসে না। আল্লাহর গজব নাজিল হবে।”

বিচারক এ সময় বলেন, “আল্লাহর বিচারের দায় আপনারা নেবেন না। কখন কী হবে এটা কেউ জানে না। আপনারা কেউ আল্লাহর ক্ষমতা বিষয়ে বক্তব্য দেবেন না।”

এরপর বাবর বলেন, “সবকিছুর সীমা আছে। জাস্টিস শুধুমাত্র উনাদের (রাষ্ট্রপক্ষ) নয় আমাদেরও। আপনি জাস্টিস হিসেবে উনাদের দিকেও দেখবেন, আমাদের দিকেও দেখবেন।”

এসময় বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা বাবরের এই বক্তব্যে সমর্থন জানান।

এরপর রাষ্টপক্ষের প্রধান আইনজীবী কামাল উদ্দিন আহাম্মদ বলেন, আপনার [বাবর]জন্য কয়েকজন আইনজীবী এখনো দাঁড়ানো আছেন। সাক্ষ্য নেওয়ার সময় কোনো আইনজীবীর প্রয়োজন নেই।

এসময় বাবর বলেন, আজ তার আইনজীবী উপস্থিত নেই। তাকে উপস্থিত থেকে সাক্ষ্য শুনতে হবে।