রাষ্ট্রপতির ছোট ভাই মারা গেছেন
নবনির্বাচিত রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই আব্দুর রাজ্জাক মারা গেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপ পরিচালক মোখলেসুজ্জামান জানান, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে মারা যান রাজ্জাক।
“তাকে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।”
আব্দুর রাজ্জাকের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ৪ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হতে পারে বলে জানা গেছে।
প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। বুধবার তার শপথ নেয়ার কথা রয়েছে।
