২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়ি হামলা: আরো ৭ জনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে তাণ্ডবের ঘটনায় আরো সাত জনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 02:39 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শুক্রবার রাতে ফটিকছড়ি ও এর আশেপাশের এলাকা থেকে ওই সাত জনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার তাদের চট্টগ্রাম জেলা বিচারিক হাকিম শর্মিলা রায় লাভলীর আদালতে হাজির করে প্রত্যেককে জিজ্ঞাসাবাদে দশ দিনের হেফাজতের আবেদন করা হয়।

চট্টগ্রাম জেলা আদলেত পরিদর্শক অনু মং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

এ নিয়ে ফটিকছড়ির ভুজপুরের কাজীর হাটে আওয়ামী লীগের মিছিলে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ভুজপুরে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গত ১১ এপ্রিল দুপুরে ফটিকছড়ি উপজেলার ভুজপুরের কাজীরহাটে মসজিদের মাইকে মিথ্যা গুজব ছড়িয়ে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলের ওপর হামলা হয়, যাতে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

হামলায় স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের তিন নেতাকর্মী নিহত হন, আহত হন দেড়শতাধিক। পুড়িয়ে দেয়া হয় মিছিলের সঙ্গে থাকা দুই শতাধিক মোটরসাইকেল, কার, মাইক্রোবাস, পিকআপ ও জিপ।

অভিযোগ আছে, ভুজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানা জামায়াতে ইসলামীর আমীর শফিউল্লাহ নুরী হামলার উস্কানি দিয়েছিলেন।

কাজীর হাট জামে মসজিদ থেকে মাইকে প্রচার করা হয় আওয়ামী লীগের মিছিল থেকে মসজিদে হামলা করা হয়েছে এবং স্থানীয় মাদ্রাসার বড় হুজুরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

গুজবে কান দিয়ে জামায়াতকর্মীদের পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও হামলায় অংশ নেয়।

পুরনো খবর:

ফটিকছড়ি হামলা: আরো ৯ জন গ্রেপ্তার