২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়ি হামলা: আরো ৯ জন গ্রেপ্তার

ফটিকছিড়ির ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে হামলার ঘটনায় আরো নয় জামাত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 02:54 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শনিবার ফটিকছড়িসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (উত্তর) ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার নয় জনের মধ্যে পুলিশের করা মামলার পাঁচ আসামি রয়েছেন। গ্রেপ্তার হওয়া সবাই হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন।

এদের মধ্যে চারজনের নাম জানা গেছে, এরা হলেন- শিবির ক্যাডার পারভেজ, ফরিদ, দৌলত ও এয়াকুব।

ফটিকছড়ির ভুজপুরের কাজীর হাটে আওয়ামী লীগের মিছিলে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এ নিয়ে ৮৮ জনকে গ্রেপ্তার করা হলো।

এদিকে চট্টগ্রাম জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শনিবার মো. সেকান্দার নামে এক আসামি ১৬৪ ধারায় এক জবানবন্দি দিয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (উত্তর) ফরিদ উদ্দিন বলেন, সেকান্দার প্রত্যক্ষভাবে হামলায় অংশ নিয়েছিল। সে আওয়ামী লীগের মিছিলকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিল বলে জানিয়েছে।

গত ১১ এপ্রিল দুপুরে ফটিকছড়ি উপজেলার ভুজপুরের কাজীরহাটে মসজিদের মাইকে মিথ্যা গুজব ছড়িয়ে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলের ওপর হামলা হয়, যাতে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

হামলায় স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের তিন নেতাকর্মী নিহত হন, আহত হন দেড়শতাধিক। পুড়িয়ে দেয়া হয় মিছিলের সঙ্গে থাকা দুই শতাধিক মোটরসাইকেল, কার, মাইক্রোবাস, পিকআপ ও জিপ।

অভিযোগ আছে, ভুজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানা জামায়াতে ইসলামীর আমীর শফিউল্লাহ নুরী হামলার উস্কানি দিয়েছিলেন।

কাজীর হাট জামে মসজিদ থেকে মাইকে প্রচার করা হয় আওয়ামী লীগের মিছিল থেকে মসজিদে হামলা করা হয়েছে এবং স্থানীয় মাদ্রাসার বড় হুজুরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

গুজবে কান দিয়ে জামায়াতকর্মীদের পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও হামলায় অংশ নেয়।