ফটিকছড়ি হামলা: আরও ১৮ জন রিমাণ্ডে
ফটিকছড়ির ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেককে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ভুজপুর থানা পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চট্টগ্রামের চকবাজার, ফটিকছড়ি ও মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এদের অধিকাংশই জামায়াত-শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত।
এ নিয়ে এ পর্যন্ত হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ৭২ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিল পুলিশ।
গত ১১ এপ্রিল দুপুরে ফটিকছড়ি উপজেলার ভুজপুরের কাজীরহাটে মসজিদের মাইকে মিথ্যা গুজব ছড়িয়ে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলের ওপর হামলা হয়, যাতে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
হামলায় স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের তিন নেতাকর্মী নিহত হন, আহত হন দেড়শতাধিক। পুড়িয়ে দেয়া হয় মিছিলের সঙ্গে থাকা দুই শতাধিক মোটরসাইকেল, কার, মাইক্রোবাস, পিকআপ ও জিপ।
অভিযোগ আছে, ভুজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানা জামায়াতে ইসলামীর আমীর শফিউল্লাহ নুরী হামলার উস্কানি দিয়েছিলেন।
কাজীর হাট জামে মসজিদ থেকে মাইকে প্রচার করা হয় আওয়ামী লীগের মিছিল থেকে মসজিদে হামলা করা হয়েছে এবং স্থানীয় মাদ্রাসার বড়– হুজুরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।
গুজবে কান দিয়ে জামায়াতকর্মীদের পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও হামলায় অংশ নেয়।
