২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে হামলায় প্রাণহানির ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 11:04 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী এ দাবি করেন।

গত ১১ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলায় তিনজন নিহত ও দেড়শতাধিক নেতাকর্মী আহত হয়।

আফতাব বলেন, “ওই দিন আমাদের সুশৃঙ্খল শোভাযাত্রার ওপর হামলা ছিল সুপরিকল্পিত, একতরফা ও নৃশংস। সাকা চৌধুরীসহ সকল যুদ্ধাপরাধীদের বাঁচাতে তালেবানি কায়দায় এ নগ্ন হামলা চালিয়েছে জামায়াত-শিবির ও বিএনপি।"

“এ ঘটনার সঙ্গে জড়িত অর্থদাতা, পরিকল্পনাকারী এবং মানুষ হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের কাছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, “সাকা চৌধুরী জেলে থাকলেও তার প্রতিনিধিরা জড়িত থেকে শান্তিপূর্ণ মিছিলে এই হামলা করেছে।”

এ হামলা হঠাৎ করে হয়নি উল্লেখ করে তিনি বলেন, “দেশব্যাপী যে নৈরাজ্য ও তাণ্ডব চালানো হচ্ছে তারই একটি অংশ ফটিকছড়ির এ হামলা।”

স্থানীয় আওয়ামী লীগের মধ্যে দলাদলির সঙ্গে হামলার ঘটনার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা জানতে চাইলে মোশাররফ বলেন, “আওয়ামী লীগ বৃহত্তর সংগঠন। এতে গ্রুপিং থাকতেই পারে। তবে কমন বিষয়ে এ সংগঠনের আমরা সবাই ঐক্যবদ্ধ।”

হামলার সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী কোনো সংগঠন জড়িত নয় বলে দাবি করেন তিনি।

মিছিলে হামলার ঘটনার সঙ্গে হেফাজতে ইসলামও জড়িত রয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে আগে দাবি করা হলেও সংবাদ সম্মেলনে বিষয়টি এড়িয়ে যান নেতারা।

আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, “এ হামলায় হেফাজতে ইসলামের সংশ্লিষ্টতা বেশি নেই বলে মনে করি। তবে এদের একটি ক্ষুদ্র অংশ জড়িত আছে।”

আফতাব বলেন, জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডে ঘটনাস্থলে আওয়ামী লীগের তিন নেতাকর্মী নিহত হয়। এতে প্রায় তিনশতাধিক নেতাকর্মী আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অন্যান্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

হামলার শিকার অর্ধশতাধিক নেতাকর্মী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদের মধ্যে ১০ জন একেবারে পঙ্গু হয়ে যেতে পারে বলে জানান তিনি।

তিনি দাবি করেন, মিছিলের ২৩০টি মোটরসাইকেল ও ১২টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। খোঁজ পাওয়া যায়নি আরো ১৬০টি মোটরসাইকেলের।

সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম ও গত সংসদ নির্বাচনে ফটিকছড়ি থেকে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম।

গত ১১ এপ্রিল দুপুরে ফটিকছড়ি উপজেলার ভুজপুরের কাজীরহাটে মসজিদের মাইকে মিথ্যা গুজব ছড়িয়ে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলের ওপর হামলা হয়, যাতে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

হামলায় স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের তিন নেতাকর্মী নিহত হন, আহত হন দেড়শতাধিক। পুড়িয়ে দেয়া হয় মিছিলের সঙ্গে থাকা দুই শতাধিক মোটরসাইকেল, কার, মাইক্রোবাস, পিকআপ ও জিপ।

ঘটনার পর পুলিশ ভুজপুরসহ ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন থেকে স্থানীয় নেতা শফিউল্লাহ নুরীসহ ৪২ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের অধিকাংশই জামায়াত-শিবিরের কর্মী।