২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে গ্রেপ্তার ১২ জন রিমান্ডে

ফটিকছড়ির ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে হামলার অভিযোগে গ্রেপ্তার ১২ জনকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 03:09 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

ওই ঘটনায় এর আগে গ্রেপ্তার ৪২ জনকে হেফাজতে পাওয়ার পর এই ১২ জনকেও জিজ্ঞাসাবাদের অনুমতি পেল পুলিশ।

বুধবার দুপুরে চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান ১২ জনকে চার দিন করে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে গ্রেপ্তার ৪২ জনের ৩২ জনকে তিন দিন এবং বাকি ১০ জনকে দুই দিনের রিমান্ড নেয়া হয়।

মঙ্গলবার রাতে এই ১২ জনকে নগরী ও ফটিকছড়ির বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১১ এপ্রিল দুপুরে ফটিকছড়ি উপজেলার ভুজপুরের কাজীর হাটে হরতালবিরোধী মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গেলে মসজিদের মাইকে মিথ্যা গুজব ছড়িয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের কর্মীরা।

এতে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের তিন নেতাকর্মী নিহত হন, আহত হয় দেড়শতাধিক। পুড়িয়ে দেয়া হয় মিছিলের সাথে আসা দুই শতাধিক মোটর সাইকেল, কার, মাইক্রোবাস, পিকআপ ও জিপ।

ঘটনার পর পুলিশ ফটিকছড়ির ভুজপুরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে ৪২ জনকে, যাদের অধিকাংশই জামায়াত-শিবিরের কর্মী।

অভিযোগ আছে, ভুজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানা জামায়াতে ইসলামীর আমীর শফিউল্লাহ নুরী হামলার উস্কানি দিয়েছিলেন।

কাজীর হাট জামে মসজিদ থেকে মাইকে প্রচার করা হয় আওয়ামী লীগের মিছিল থেকে মসজিদে হামলা করা হয়েছে এবং স্থানীয় মাদ্রাসার বড়– হুজুরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।