মাহমুদুরের বিরুদ্ধে মামলা নিয়ে বিভ্রান্তি
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা নিয়ে পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান শুক্রবার সকালে জানান, কাবা শরীফের গিলাফ ও গ্র্যান্ড মুফতির ছবি ব্যবহার করে মিথ্যা খবর প্রকাশের অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা অনুযায়ী মাহমুদুরের বিরুদ্ধে ওই মামলা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
কিন্তু তেজগাঁও থানায় যোগাযোগ করা হলে ওসি অপূর্ব হাসান বলেন, মামলা নয়, একটি সাধারণ ডায়েরি হয়েছে মাহমুদুরের বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে এক ব্যক্তি ওই জিডি করেন। বিষয়টি তদন্তাধীন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা করা হবে।”
গত ৬ ডিসেম্বর দৈনিক আমার দেশের সপ্তম পাতায় ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল- ‘আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন’। পত্রিকাটির অনলাইন সংস্করণেও দেখা যায় সংবাদটি।
পরে ব্লগসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ওই প্রতিবেদনকে ‘মিথ্যা’ অভিহিত করে বলা হয়, কাবা শরীফের গিলাফ পরিবর্তনের ছবিকে ইমামদের ‘মানববন্ধন’ হিসাবে তুলে ধরেছে আমারদেশসহ কয়েকটি সংবাদপত্র।
এরপর আমার দেশ অনলাইন সংস্করণ থেকে সংবাদটি সরিয়ে ফেলা হয়। জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামও সংবাদটি প্রকাশ করার পর প্রত্যাহার এবং দুঃখ প্রকাশ করে।
রাজধানীতে চার ব্লগারকে গ্রেপ্তারের পর গত ৪ এপ্রিল আইনমন্ত্রী শফিক আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, কাবা শরিফের গিলাফ পরিবর্তনকে মানববন্ধন হিসেবে প্রচার চালানোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে তেজগাঁও থানার একটি মামলায় বৃহস্পতিবার আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাকে আদালতে হাজির করা হলে তিন মামলায় তাকে ১৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক।
এর মধ্যে স্কাইপ কথপোকথনের মামলায় মাহমুদুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের ৫৬ ও ৫৭ ধারায় উস্কানির অভিযোগ আনা হয়েছে।
তথ্য বিকৃতি ও ধর্ম নিয়ে উস্কানিমূলক লেখালেখিকে অপরাধ হিসাবে গণ্য করে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং এক কোটি টাকা অর্থদণ্ড দেয়ার কথা বলা হয়েছে আইসিটি আইনের ৫৭ এর (১) ও (২) ধারায়।
গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন শুরু করা গণজাগরণ মঞ্চের সংগঠকদের সম্পর্কে ধারাবাহিকভাবে ‘বিভ্রান্তিকর ও উস্কানিমূলক’ সংবাদ প্রকাশ করে মাহমুদুর রহমানের আমার দেশ।
এরপর ধর্মীয় উস্কানি দিয়ে ‘উন্মাদনা সৃষ্টির’ অভিযোগে তাকে গ্রেপ্তারের দাবি তোলে গণজাগরণ মঞ্চ। তাকে গ্রেপ্তারে সময় বেঁধে দেয়ার পাশাপাশি গত ২৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের কাছে স্মারকলিপি দেয় তারা।
