মাহমুদুর ১৩ দিনের রিমান্ডে
দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন মামলায় মোট ১৩ দিনে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম সহিদুল ইসলাম বৃহস্পতিবার এই আদেশ দেন।
বিগত বিএনপি সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের আইনজীবীরা জামিনের আবেদনে তার স্বাক্ষর চাইলে তিনি আদালতে দাঁড়িয়ে বলেন, “আমি জানি, আমার জামিন দেয়া হবে না। রিমান্ডও মঞ্জুর করা হবে। উপরের নির্দেশ আছে বিচারকদের ওপর। তাই আমি নিজেই শুনানি করছি।
“আমি বোকা নই, আমি ওকালতনামা দেব না।”
রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে যুক্তি দেন মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু।
এ সময় মাহমুদুর উঠে দাঁড়িয়ে কথা বলতে শুরু করলে আদালতে হৈচৈ শুরু হয়।
শুনানি শেষে আদালত তিন মামলায় মোট ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথপোকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে তেজগাঁও থানার একটি মামলায় সকালে দৈনিক আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাকে মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এর মধ্যে গত বছরের ১৪ ডিসেম্বর আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহিদুর রহমানের করা মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এ মামলায় বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।
রাষ্ট্রদ্রোহের অভিযোগের পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের ৫৬ ও ৫৭ ধারায় উস্কানির অভিযোগ আনা হয়েছে এ মামলায়।
এছাড়া গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে গত ফেব্রুয়ারিতে তেজগাঁও থানায় দায়ের করা অন্য দুটি মামলায় মাহমুদুরকে সাত দিন করে রিমান্ডে চান তদন্ত কর্মকর্তারা। বিচারক তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রকৌশলের ছাত্র মাহমুদুর কর্জীবন শুরু হয় বহুজাতিক কোম্পানি লিনডে গ্রুপের ব্রিটিশ অক্সিজেন কোম্পানিতে। বিয়ে করেন বিএনপি আমলের সাবেক মন্ত্রী হারুন অর রশীদ খান মুন্নুর মেয়ে ফিরোজা খানকে।
পরে বিসিআইসি, মুন্নু সিরামিক এবং বেক্সিমকো গ্রুপের শাইনপুকুর সিরামিকসেও চাকরি করেন মাহমুদুর। বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পান।
বিএনপি সরকারের শেষভাগে এসে কিছুদিনের জন্য প্রতিমন্ত্রীর মর্যাদায় জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা নিযুক্ত হন মাহমুদুর। সে সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজেই জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তবে কার্যত মাহমুদুরই মন্ত্রণালয়ের দেখভাল করতেন ।
২০০৬ সালের নভেম্বরে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর নির্বাচন অনুষ্ঠান নিয়ে সৃষ্ট তুমুল রাজনৈতিক অস্থিরতার মধ্যে উত্তরায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তা ও রাজনীতিকেদের নিয়ে বৈঠক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মাহমুদুর রহমান।
পরে গণমাধ্যমের খবরে বলা হয়, নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত জোটকে আবারো ক্ষমতায় বসাতেই ওই গোপন বৈঠকের ব্যবস্থা করেন মাহমুদুর। এ নিয়ে মামলাও হয়।
এক পর্যায়ে ২০০৮ সালে আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত আমার দেশের ব্যবস্থাপনার দায়িত্ব নেন মাহমুদুর রহমান। তখন থেকেই তিনি ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।
২০১০ সালের ২ জুন আমার দেশের প্রকাশক হাসমত আলী হাসুর দায়ের করা প্রতারণা মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই দিনই তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। এরপর মানহানিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট ৪৯টি মামলা দায়ের করা হয়।
তবে আদালত আবমাননার একটি মামলায় সে বছর ১৯ অগাস্ট মাহমুদুরকে ছয় মাসের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এ মামলায় সাত মাস সাজা খাটার পর গত বছর ১৭ মার্চ কারাগার থেকে মুক্তি পান তিনি।
এরপর গত বছরের শেষ দিকে ব্রাসেলসভিত্তিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান নিজামুল হকের কথিত স্কাইপ কথোপকথন ধারাবাহিকভাবে প্রকাশ করে দৈনিক আমার দেশ।
কথিত ওই ব্যক্তিগত কথোপকথন পত্রিকায় প্রকাশের ঘটনায় গত ১৪ ডিসেম্বর প্রসিকিউটর সহিদুর রহমান তেজগাঁও থানায় একটি মামলা করেন, যাতে আসামি করা হয় মাহমুদুর রহমান ও আমার দেশের প্রকাশক হাসমত আলী হাসুকে।
মামলায় অভিযোগ করা হয়, বেআইনিভাবে বিচারপতির স্কাইপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়। ধারাবাহিকভাবে ওই কথোপকথন প্রকাশের মাধ্যমে ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুন্ন করার পাশাপাশি ট্রাইব্যুনালকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়।
দণ্ডবিধির ১২৪, ১২৪ (এ), ৫০৫ (এ), ১২০ (এ) ও ৫১১ ধারায় করা ওই মামলায় রাষ্ট্রদ্রোহিতা, সরকারকে আইন প্রয়োগে বাধা, কথা বা অন্য কিছুর মাধ্যমে অনিষ্ট করা, অপরাধমূলক ষড়যন্ত্র ও অপরাধ সংগঠনের উদ্যোগ গ্রহণের অভিযোগ আনা হয়।
এছাড়া তার বিরুদ্ধে সাইবার অপরাধ (আইসিটি) আইনের ৫৬ ও ৫৭ ধারায় উস্কানির অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।
এরপর গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন শুরু করা গণজাগরণ মঞ্চের সংগঠকদের সম্পর্কে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে নতুন বিতর্কের মধ্যমনি হয়ে উঠেন মাহমুদুর রহমান।
ধর্মীয় উস্কানি দিয়ে উন্মাদনা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তারের দাবি তোলে গণজাগরণ মঞ্চ। তাকে গ্রেপ্তারে সময় বেঁধে দেয়ার পাশাপাশি গত ২৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের কাছে স্মারকলিপি দেয় তারা।
যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরুর পর আমার দেশ পত্রিকাসহ কিছু গণমাধ্যমে গণজাগরণমঞ্চ সম্পর্কে নানা বিভ্রান্তিকর অপপ্রচার ছড়ানো হয় বলে অভিযোগ তাদের।
