মাহমুদুরকে রিমান্ডে চায় পুলিশ
দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তিনটি মামলায় ২৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।
অন্যদিকে মাহমুদুর রহমানের জামিনের আবেদন করেছেন তার আইনজীবীরা।
বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত মহানগর হাকিম সহিদুল ইসলামের আদালতে এ বিষয়ে শুনানি শুরু হয়েছে।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে তেজগাঁও থানার একটি মামলায় সকালে দৈনিক আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাকে মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ১৪ ডিসেম্বর আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহিদুর রহমানের করা মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এছাড়া তেজগাঁও থানার আরো দুটি মামলায় মাহমুদুর রহমানকে সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ।
রাষ্ট্রপক্ষে শুনানি করছেন মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু। আর আসামি পক্ষে রয়েছেন সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।
শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ঢালাওভাবে ‘নাস্তিক’ আখ্যায়িত করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মাহমাদুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সময়ও বেঁধে দিয়েছিল গণ জাগরণ মঞ্চ।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্বালানি উপদেষ্টা মাহমুদুরকে আদালত অবমাননার অভিযোগে এর আগেও কারাগারে যেতে হয়েছে।
