মাহমুদুর গ্রেপ্তার আইসিটি আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী
গণমাধ্যমের ওপর নির্যাতনের অভিযোগ উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, প্রেস অ্যান্ড পাবলিকেশনস আইনে নয়, মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে তথ্য প্রযুক্তি (আইসিটি) আইনে।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপোকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে বৃহস্পতিবার সকালে আমার দেশ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয় সাবেক বিএনপি সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানকে।
এর প্রতিবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “মুক্ত চিন্তা ও মত প্রকাশের অন্যতম সাহসী যোদ্ধা মাহমুদুর রহমানকে হঠাৎ করে গোপনে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে গ্রেপ্তার করে সরকার একাত্তরের শহীদদের আত্মাকে অপমান করেছ “
অবিলম্বে মাহমুদুরকে মুক্তি দেয়ারও দাবি জানান তিনি।
File Photo
গত ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহিদুর রহমান যে মামলাটি দায়ের করেন তাতে মাহমুদুরের বিরুদ্ধে সাইবার অপরাধ (আইসিটি) আইনের ৫৬ ও ৫৭ ধারা এবং দণ্ডবিধির ১২৪ , ১২৪ (এ) , ১২০ (বি) ও ৫১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
