২৪ ঘণ্টার মধ্যে মাহমুদুরকে ছেড়ে দেয়ার দাবি
আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি সমর্থক সাংবাদিকরা।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের একাংশের সমাবেশে এই দাবি জানানো হয়।
বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজি বলেন, “আগামীকাল (শুক্রবার) সকাল ১০টার মধ্যে মাহমুদুর রহমানকে ছেড়ে দিতে হবে। না ছাড়লে সকাল ১১টায় ‘সাংবাদিক ও বুদ্ধিজীবী’ নিয়ে প্রতিবাদী সমাবেশ হবে।”
সকালে মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের পর ইতোমধ্যে ১৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
‘মাহমুদুর রহমান কী করেছেন’- এই প্রশ্ন করে রুহুল আমিন নিজেই উত্তর দেন, “তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন।”
বিএফইউজের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ বলেন, “মাহমুদুর রহমান বিচারপতিদের কেলেঙ্কারি উন্মোচন করেছেন।”
আদালত অবমাননার অপরাধে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুরকে কয়েক বছর আগে সাত মাস কারাভোগ করতে হয়েছিল।
সমাবেশে ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক বাকের হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মামুন আহমেদ ও বিএনপি নেতা ইসমাইল হোসেন বেঙ্গল বক্তব্য দেন।
সমাবেশের পর মাহমুদুরের মুক্তি দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল হয়।
