২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বিআরটিসির ক্ষতি ১৮ কোটি টাকা

হরতালের কারণে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির প্রায় ১৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 09:52 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বৃহস্পতিবার বিআরটিসি কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় গত চার মাসে হরতালের ক্ষয়ক্ষতির হিসেব দেন মন্ত্রী।

গত সাড়ে ৪ মাসে মোট ৩০ দিন হরতাল হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ সময় বিআরটিসির রাজস্ব ক্ষতি হয়েছে ১৩ কোটি ৮৫ লাখ টাকা, ভাংচুরের কারণে ক্ষতি হয়েছে ৪ কোটি টাকা। মোট ক্ষতি হয়েছে ১৭ কোটি ৮৫ লাখ টাকা।

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) ৫টি  বাস, ৩টি নতুন দোতালা বাস এবং  অসংখ্য গাড়ি ভাংচুর করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন,বেসরকারি মালিকদের ৪ হাজারে বেশি যানবাহন ভাংচুর ও পাঁচশর বেশি যানবাহন পোড়ানো হয়েছে।

বিআরটিসি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি করে যোগাযোগমন্ত্রী বলেন, "এ প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম এখনো রয়েছে, কোনো রকম অনিয়ম মেনে নেয়া হবে না। মন্ত্রী থাকা সময়ের শেষ দিন পযন্ত অনিয়ম ও দুনীতির বিরুদ্ধে অ্যাকশন নিব।"

বিআরটিসি লোকসানি প্রতিষ্ঠান থেকে লাভের ধারায় ফিরে এসেছে বলেও জানান মন্ত্রী।

ঢাকা ছাড়াও দেশের ৬টি মহানগরে প্রতিটিতে ২টি করে আর্টিকুলেটেড বাস যাত্রীসেবায় চালু করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, "ইতোমধ্যে ৫০টির মধ্যে ৪৪টি আর্টিকুলেটেট বাস এসে গেছে এবং ৬টি এপ্রিলে আসছে।"

আর্টিকুলেটেড বাসগুলোর মধ্যে ৩৫টি ঢাকার বিভিন্ন রুটে চলছে বলে জানান মন্ত্রী।

এ সময় সড়ক বিভাগের অতিরিক্ত সচিব ফরিদ উদ্দিন আহম্মদ, বিআরটিসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্নেল আব্দুল্লাহ হিল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।