বগুড়ায় ট্রাকচালকের মৃত্যুর ঘটনায় মামলা
হরতালে বগুড়ায় ট্রাকচালকের মৃত্যুর ঘটনায় বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সদর থানার উপ পরিদর্শক মিলাদুন্নবী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০ জনকে আসামি করা হয়েছে বলে জানান সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম।
শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি ডাকা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে বগুড়া শহর প্রথম বাইবাস রোডে পিকেটাদের ছোড়া ঢিলের আঘাতে মারা যান ট্রাকচালক শহিদুল ইসলাম খোকন।
মামলার বাদী এসআই মিলাদুন্নবী জানান, বিএনপির নেতা ও বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা ও ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ সাজুকে প্রধান আসামী করে ৪১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরো ৭০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে মামুন (৩০), একরাম আলী (৪০) ও মোস্তাফিজুর রহমানকে (৩৫) ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, নিহত খোকনের স্ত্রী ও স্বজনরা মামলা না করায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
বগুড়া ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান জানান, ওই ঘটনায় সংগঠনের পক্ষ থেকে কোনো মামলা করা হবে না।
ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেন তিনি।
