২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকেটারদের হামলায় ট্রাক চালক নিহত

বগুড়ায় বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের মধ্যে পিকেটারদের হামলায় এক ট্রাক চালক নিহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 05:14 AM

Updated : 25 Apr 2022, 06:35 PM

হরতাল সমর্থকদের ছোড়া ঢিলে গুরুতর আহত হয়েছেন  আরেক পিকআপ ভ্যান চালক।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় আট নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে কেন্দ্রীয়ভাবে ৩৬ ঘণ্টার হরতাল ডাকা হলেও বগুড়া বিএনপি এই হরতাল শুরু করে সোমবার সন্ধ্যা থেকে।

বগুড়া সদর থানার এসআই রায়হান জানান , মঙ্গলবার ভোর ৫টার দিকে বগুড়া শহর প্রথম বাইপাস রোডের বারপুর ব্রিজের কাছে পঞ্চগড় থেকে চট্রগ্রামগামী একটি ট্রাকে হামলা চালায় একদল পিকেটার।

এ সময় হরতাল সমর্থকদের ঢিলের আঘাতে গুরুতর আহত হন ট্রাক চালক খোকন  মিয়া (৩০)। ঘটনার পরপরই বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে  জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খোকনের বাড়ি বগুড়া শহরের মাটিডালী এলাকায়।  তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় পুলিশ ৬ পিকেটারকে আটক করেছে বলে এসআই রায়হান জানান।

এদিকে গভীর রাতে শহরতলীর এরুলিয়া এলাকায় পিকেটাদের ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত হন মোরশেদ (৩২) নামের এক পিকআপ চালক।

মোরশেদ একটি ওষুধ কোম্পানির ভ্যান চালাতেন। তাকে বগুড়া মেডিক্যালে ভর্তি করা হয়েছে বলে সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান।

এছাড়া হরতালের মধ্যে সকালে বগুড়ার সদর উপজেলায় পিকেটিং করার সময় ৩ জনকে আটক করা হয় বলে জানান বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান।