২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হায়রে মরার হরতাল’

বগুড়ায় হরতালের সময় পিকেটারদের ছোড়া ঢিলে নিহত ট্রাকচালক শহিদুল ইসলাম খোকনের পরিবারটি এখন দিশেহারা। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে স্ত্রী মহেলা বেগম বিলাপ করে বারবার মূর্ছা যাচ্ছিলেন।

জিয়া শাহীন

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 01:52 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

দুপুরে শহরতলীর মাটিডালি দক্ষিণ নওদাপাড়ার বাড়িতে লাশ নিয়ে আসলে শত শত ট্রাকশ্রমিক ও এলাকার নারী-পুরুষ এক নজর দেখতে আসেন খোকনকে। এ সময় যারা সান্তনা দিচ্ছিলেন তাদের চোখ ভিজে উঠছিল মহেলার অর্তনাদে।

জ্ঞান ফিরে পেয়েই মাহেলা বিলাপ করছিলেন, “এখন চলমু কী কইর‌্যা। হায়রে মরার হরতাল। আমার সমীক মাইর‌্যা ফ্যালা দিলি। আল্লা বিচার করব।”

ছয় মাসের অন্তস্বত্বা মহেলা স্বামীর কাছে গম ভাজা খেতে চেয়েছিলেন। খোকন পঞ্চগড় থেকে চট্টগ্রাম যাবার পথে ভোরে স্ত্রীর হাতে গম দিয়ে ট্রাক নিয়ে চলে যান।

তারপর সকাল পাঁচটায় বগুড়া প্রথম বাইপাস সড়কের বারপুর সেতুর কাছে একদল হরতাল সমর্থনকারীর ছোঁড়া ঢিলে মারা যান খোকন।

খোকনের সাত বছরের একমাত্র অবুঝ ছেলে আব্দুর রহমান তখন প্রতিদিনের মতোই বন্ধুদের সঙ্গে এবাড়ি-ওবাড়ি ঘুরছে। কখনো লাশের কাছে এসে মায়ের পাশে বসে থাকছে মাদ্রাসার ছাত্র রহমান।

শুধু অস্ফুট স্বরে একবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলে, “বাবায় হরতালে মইর‌্যা গেছে। আর আইবো না।”

খোকন বগুড়া শহরতলীর মাটিডালি দক্ষিণ নওদাপাড়ার জালাল উদ্দীনের ছেলে। তার নিজের কোন জমি নেই। অন্যের জমিতে একটি ছাপড়া ঘর করে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন।

খোকনের স্থায়ী কোন চাকরি ছিল না। খণ্ডকালীন চাকরিতেই তাকে চলতে হত।  ফলে হরতালের মধ্যেও জীবন বাজী রেখে খোকন ট্রাক চালাতে বাধ্য হয় বলে মন্তব্য করেন দক্ষিণ নওদাপাড়া এলাকার প্রতিবেশী বাবু মিয়া (৫৫) ও টিটু (৩৬)।

পিকেটারদের ইটের আঘাতে খোকন মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগেই শহরতলীর এরুলিয়া এলাকায় পিকেটারদের ছোঁড়া ইটের আঘাতে আহত হন ওষুধ কোম্পানির গাড়িচালক মোরশেদ।

এর আগে গত ১৯ মার্চ ময়দা ভর্তি ট্রাক নিয়ে নোয়াখালী যাবার পথে ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় পিকেটারদের ছোঁড়া ইটের আঘাতে মারা যান চালক নূর মোহাম্মদ (৩৪)। তার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

বিএনপির তত্ত্বাবধায়ক ইস্যু ও গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে ঘন ঘন হরতালের মধ্যে ব্যাপক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দেয়। এই রায়কে প্রত্যাখান করে জামায়াত-শিবির সারাদেশে লাগাতার তান্ডব চালালে সরকারি হিসাবেই সাত পুলিশসহ ৬৭ জনের প্রাণহানি ঘটে। এ সময় লাগাতার হরতালও দেয় জামায়াত।

এসব হরতাল ও রাজনৈতিক কর্মসূচির সময় ৯৭টি গাড়িতে অগ্নিসংযোগ ও ৫৯৮টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। যার মধ্যে ৪১টি ছিল ট্রাক। এতে প্রায় ২০ কোটি ৫৫ লাখ টাকা ক্ষতি হয় বলে গত ১৩ মার্চ জানিয়েছিলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

এরমধ্যে বেসরকারি খাতের ক্ষতিই ১৭ কোটি টাকার। বাকিটা সরকারি খাতের।

মন্ত্রী জানান, রাজনৈতিক কর্মসূচির নাশকতায় ক্ষতিগ্রস্ত হয় বিআরটিসির ৮১টি বাস, ভাংচুর হয় ১৮টি দোতলা বাস। এই সময়ে পুড়িয়ে দেয় হয় সরকারি আটটি গাড়ি।

পরিবহন খাতে এ তান্ডবের প্রতিবাদে গত বৃহস্পতিবার পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে অর্ধদিবস কর্মবিরতিসহ লাঠিমিছিল করা হয়।

বগুড়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান জানান, “যে কোন চালক মারা গেলে সে ৪০ হাজার টাকা অনুদান পায়। খোকনের স্ত্রীও তাই পাবে।”

এদিকে খোকনের লাশ প্রথমে ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভবের বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে বিকেল সাড়ে ৪টায় মাটির ডালি বিমান মোড়ে জানাযা শেষে তাকে দাফন করা হয় বলে জানান বগুড়া জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ মো. আখতারুজ্জামান ডিউক।