নওগাঁয় যানবাহন ভাংচুর, ২ বিএনপিকর্মী আটক
নওগাঁ শহরে যানবাহন ভাংচুর করার অভিযোগে দুই বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া শক্তিশালী পটকার বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির অভিযোগে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ যুবককে আটক করে।
মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির বিক্ষোভ মিছিল শেষে মিছিলকারীরা ফেরার পথে শহরের পুরাতন বাসস্টান্ডে ৩টি টেম্পুসহ শ্যালো ইঞ্জিনচালিত কয়েকটি ভটভটি ভাংচুর করে। এ ঘটনায় শহরের দয়ালের মোড় থেকে দুই বিএনপি কর্মীকে আটক করা হয়েছে বলে জানান সদর মডেল থানার ওসি মোজাম্মেল হক।
এদিকে রাত সাড়ে ৮ থেকে ৯টার মধ্যে শহরের মুক্তির মোড় এলাকার জেলা স্কুল মাঠ ও আশেপাশের কয়েকটি স্থানে পাঁচ যুবক পটকার বিস্ফোরণ ঘটায়। তবে তাদের পরিচয় জানাতে রাজি হয়নি পুলিশ।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির ৫ জনকে আটকের কথা স্বীকার করে বলেন, এগুলো ককটেল নয় শক্তিশালী পটকা ছিল। শহরে আতংক সৃষ্ঠি করার জন্য পটকার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
