রাষ্ট্রপতি নির্বাচন ২৯ এপ্রিল
নতুন রাষ্ট্রপতি নির্বাচনে আগামী ২৯ এপ্রিল ভোট হবে জাতীয় সংসদে।
রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। আর প্রধান নির্বাচন কমিশনার তাতে নির্বাচনী কর্তা হিসেবে কাজ করেন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এর আগে নির্বাচনের প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর সঙ্গে বৈঠক করেন তিনি।
দেশের ১৯ তম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ২০ মার্চ সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় ৯০ দিনের মধ্যে অর্থাৎ আগামী ১৯ জুনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর সংসদের প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ সাংবাদিকদের বলেন, অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ২১ এপ্রিল থেকে সংসদের সপ্তদশ অধিবেশন ডেকেছেন। এই অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হবে।
সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। পরবর্তী সময়ে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীরা আগামী ২১ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনে সিইসির কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২৯ এপ্রিল বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংসদ কক্ষে ভোট হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করেছে। নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল জলিলের মৃত্যুর পর বর্তমানে ৩৪৯ জন সংসদ সদস্য রয়েছেন, যাদের মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ সদস্য আছেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী, একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে নির্বাচনী কর্তার সামনে নির্ধারিত ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নাম ও নিজের স্বাক্ষর দিয়ে তা জমা দিতে হবে।
ভোটের দিন গ্যালারিসহ সংসদ কক্ষে প্রার্থী, ভোটার, ভোট নেওয়ায় সহায়তাকারী কর্মকর্তা ছাড়া সবার প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করবেন নির্বাচনী কর্তা। ভোট শেষে নির্বাচন কমিশনার প্রকাশ্যে ভোট গণনা করবেন। সর্বাধিক সংখ্যক ভোটপ্রাপ্তকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হবে। আর সমান ভোট পেলে প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে ফল নির্ধারণ করা হবে।
এদিকে, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে যোগ্য ব্যক্তিরা প্রার্থী হতে পারছেন না- এমন যুক্তি দেখিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার হাই কোর্টে আবেদন করেছেন এক আইনজীবী।
এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন,“এটা চাইতে পারে। এটি একটি চলমান প্রক্রিয়া। বিষয়টি আমরা জানি না, জানতে পারলে আমরা ব্যবস্থা নেবো।”
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ ও নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন।
