রাষ্ট্রপতি নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে রিট
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে যোগ্য ব্যক্তিরা প্রার্থী হতে পারছেন না- এমন যুক্তি দেখিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়েছেন এক আইনজীবী।
সংবিধানের ৭০ অনুচ্ছেদকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হবে না এবং ওই অনুচ্ছেদ বাতিল করতে কেন বিবাদিদেরকে নির্দেশনা দেয়া হবে না- তা জানতে চেয়ে দুটি রুল চাওয়া হয়েছে তার আবেদনে।
আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ বিষয়ক সচিবালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনারকে রিটে বিবাদি করা হয়েছে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে সাংসদ নির্বাচিত হওয়ার পর দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে।
ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই অনুচ্ছেদে বলা হয়েছে, দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। এ কারণে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারেন না। ফলে যোগ্য প্রার্থীরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণই করতে পারছেন না।”
এই আইনজীবীর যুক্তি, “দল সাধারণত তাদের পছন্দের লোককেই নির্বাচিত করতে চায়। এছাড়া ১৯৯১ সালের আইন অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য একজন সংসদ সদস্যকে প্রস্তাব করতে হয়, আরেকজনকে সমর্থন করতে হয়। দলীয় আনুগত্যের বাধ্যবাধকতার কারণে অনেক যোগ্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন না। যা দেশের মানুষের মৌলিক অধিকারের লংঘন।”
বাদি ৭০ অনুচ্ছেদকে সংবিধানের ৭(১), ১৯(১), ২৬, ২৭, ৩১ ও ১১৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন তার রিট আবেদনে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ২০ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান।
রাষ্ট্রপতির মৃত্যুতে এই পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। মো. জিল্লুর রহমানের মৃত্যুর ফলে আগামী ১৯ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
