২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে বসবে সিইসির

রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত নিতে স্পিকারের সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 06:46 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোবার নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকাল ৪টায় স্পিকারের কার্যালয়ে ভারপ্রাপ্ত স্পিকার এম শওকত আলীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন সিইসি।

“ইতিমধ্যে ভোটার তালিকা প্রণয়ের কাজ শুরু হয়ে গেছে। এখন শুধু ভোট গ্রহণের দিনক্ষণ ঠিক করা হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে গত বুধবার সংসদ সচিবালয় সাংসদদের তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে।

স্পিকার ও সংসদ সচিবালয়ের সঙ্গে আলোচনা করেই নির্বচনী তফসিলের বিষয়ে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ ও এ আইনের বিধিমালা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি।

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান।

রাষ্ট্রপতির মৃত্যুতে এই পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে মো. জিল্লুর রহমানের মৃত্যুতে আগামী ১৯ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে কাজ করেন।

সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে হয়েছে। পরবর্তী সময়ে সরকার সমর্থিত দলের একক মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

ঢাকাতেই এবার শুনানি

নির্বাচন কমিশনার শাহনেওয়াজ জানান,  সোমবার নির্বাচন কমিশন চার সিটি কর্পোরেশন, সীমানা পুনর্নির্ধারণ ও শুনানিসহ বিভিন্ন সিদ্ধান্ত নিতে কমিশন বৈঠক হবে।

তিনি জানান, সীমানা পুননির্ধারণে খসড়া তালিকার বিপরীতে দাবি-আপত্তি জানিয়ে ঢাকা বিভাগের আবেদন বেশি পড়েছে। এজন্য ঢাকাতেই সব বিভাগের শুনানি করা হবে।