বগুড়ায় হাতবোমা বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর-আগুন
বিএনপির ডাকা ৩৬ ঘন্টার হরতালের আগের রাতে বগুড়ায় কমপক্ষে ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, সোমবার রাত আটটার দিকে শহরের ঝাউতলা থেকে বড়গোলা পর্যন্ত হাতবোমাগুলোর বিস্ফোরণ ঘটে।
দলের শীর্ষ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ৩৬ ঘণ্টার হরতাল মঙ্গলবার সকালে শুরুর কথা কথা থাকলেও বগুড়ায় এ কর্মসূচি পালিত হচ্ছে ১২ ঘণ্টা আগে থেকেই।
সোমবার সন্ধ্যায় শহরের বড়গোলা এলাকায় সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
খান্দার এলাকায় অন্তত ৮টি মোটর সাইকেল এবং একটি ট্রাক ভাঙচুর করে তারা।
বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন, বড়গোলা এলাকায় হরতাল সমর্থকরা একটি সিএনজি অটোরিকশায় আগুন দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
“নাশকতা এড়াতে পুলিশ ও র্যাব শহরের গুরুত্বপুর্ণ এলাকায় টহল দিচ্ছে।”
মওদুদ আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের আট নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গল ও বুধবার সারাদেশে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।
