২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ডাকার পরপরই গাড়িতে আগুন

বিএনপির হরতাল আহ্বানের পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 12:09 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

গাড়ি পোড়ানো ও সংঘর্ষের মামলায় মওদুদ আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতাকে রোববার দুপুরের পর কারাগারে পাঠায় আদালত।

এরপর বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঙ্গল ও বুধবার হরতালের ঘোষণা দেন বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

হরতালের ঘোষণার কয়েক মিনিটের মধ্যে বিকাল ৫টায় বিএনপির কার্যালয়ের এক কিলোমিটারের মধ্যে দুটি গাড়িতে আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নীলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় একই সময় কাকরাইলে একটি বাস এবং রাজারবাগে একটি গাড়িতে আগুনের খবর পেয়ে তারা তা নেভাতে যান।

রমনা থানার পরিদর্শক (পেট্রোল) মো. শহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাকরাইলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েক যুবক রংধনু পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

এরপর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে একটি বাসে এবং বাসাবো বৌদ্ধ মন্দিরের সামনে একটি গাড়িতে আগুন দেয়া হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। 

এদিকে বিকাল ৫টার দিকে ফকিরেরপুল মসজিদের সামনে একটি অটোরিকশায় আগুন দেয়ার চেষ্টা হয়। তবে তা সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে রামপুরার মোল্লা টাওয়ারের সামনে একটি প্রাইভেটকারে আগুন দেওয়া হয়।

গাড়ির চালক রাস্তার পাশে গাড়িটি রেখে ওষুধের দোকানে যায়। এ ফাঁকে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয়। পরে আশেপাশের লোকজন আগুন নেভায়।

প্রায় একই সময় তোপখানা রোডের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সামনের রাস্তায় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

রমনার পুলিশের সহকারী কমিশনার (পেট্রোল) মো. ইমানুল জানান, গলির থেকে ককটেলগুলো ছোঁড়া হয়েছে।

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

বিএনপির হরতালের আগে সোমবার হেফাজতে ইসলামের হরতাল রয়েছে।

চট্টগ্রামে ট্রাকে আগুন

রোববার সন্ধা সাতটার দিকে চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ে একটি লোহাবোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডবলমুরিং জোনের সহকারী কমিশনার হাসানুজ্জামান মোল্লা জানান, আগ্রাবাদ চৌমুহনী এলাকায় প্রায় একই সময়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

এর আগে সন্ধ্যায় নগরীর কাজীর দেউরী মোড়ে গাড়ি ভাংচুর ও কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বিএনপিকর্মীরা।

এছাড়া কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে হরতাল ডাকার পর বিএনপিকর্মীদের মিছিল থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাইক্রোবাসসহ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়।

পুরনো খবর:

হরতাল ডেকেছে বিএনপি