২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ডেকেছে বিএনপি

বিএনপি দুদিন হরতাল ডাকায় এই সপ্তাহের তিনদিনই যাচ্ছে হরতালে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 11:25 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

মওদুদ আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের আট নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গল ও বুধবার সারাদেশে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

এর আগে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম, তবে সেই হরতালে সমর্থন দেয়নি বিএনপি।

ভাংচুর ও গাড়ি পোড়ানোর মামলায় রোববার বিকালে বিএনপি নেতাদের কারাগারে পাঠানোর আদেশ হওয়ার পরপরই নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমি ছাড়া দলের শীর্ষ পর্যায়ের সব নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। কেউ বাইরে নেই।”

ফখরুল ও মওদুদ ছাড়াও এই দফায় কারাগারে যেতে হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব বরকত উল্লাহ বুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে।

অন্য মামলায় আগে থেকে কারাগারে রয়েছেন যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান ও রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।

যুগ্মমহাসচিবদের মধ্যে এখন সালাহউদ্দিন ছাড়া বাইরে রয়েছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

বিএনপি নেতাদের বন্দি করার নিন্দা জানিয়ে সালাহউদ্দিন বলেন, “এভাবে সরকার রাজনীতিকে বিরোধী দলশূন্য করতে চায়।”

এইচএসসি পরীক্ষার মধ্যে হরতাল দেয়ার বিষয়ে তিনি বলেন, “আমরা সব সময় চেষ্টা করি, যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। অপরাগ হয়েই আমরা ৩৬ ঘণ্টার হরতাল আহবান করছি।”

হরতালের কোনো গোলযোগ হলে তার দায় সরকারের ওপর বর্তাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তবে হরতাল ডাকার পরপরই ঢাকায় কয়েকটি গািড়িতে আগুন দেয়া হয়, যা হরতাল সমর্থকরা দিয়েছে বলে পুলিশের দাবি।

আমান ও রিজভীর মুক্তি দাবিতে গত ১২, ১৮ ও ১৯ এবং ২৭ ও ২৮ মার্চ হরতাল ডেকেছিল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ওই নেতাদের মুক্তির আগেই আরো ৮ নেতা কারাগারে গেলেন। 

হরতালে অন্য দাবিগুলো হচ্ছে- নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, গণহত্যা বন্ধ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগ।

বিএনপি নেতারা জানিয়েছেন, শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির বৈঠকেই হরতালের বিষয়টি চূড়ান্ত করেন। তবে আদালতের সিদ্ধান্ত দেখার অপেক্ষায় ছিলেন তারা।

বিএনপি দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছে, সরকার আদালতের ওপর প্রভাব খাটাচ্ছে।

বিএনপি জানিয়েছে, হরতালে ওষুধ ও লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রের গাড়ি আওতামুক্ত থাকবে।

গত চার বছরে বিএনপির ২৮ দিন হরতাল ডাকার তথ্য জানিয়ে সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগ ১৯৯১-৯৬ ও ২০০১-২০০৬ সাল বিরোধী দলে থাকাকালে যথাক্রমে ২৩৩ দিন এবং ১৭৩ দিন হরতাল দিয়েছিল।

সরকার বিচার বিভাগকে দলীয়করণ করেছে অভিযোগ করে সাবেক আমলা সালাহউদ্দিন বলেন, “বিচার বিভাগ ও আইন বিভাগকে চরম দলীয়করণের মাধ্যমে সরকার বিরোধী দল নিষ্পেষণের হাতিয়ারে পরিণত করেছে। রাষ্ট্রের সব বিভাগের নিয়ন্ত্রণ আজ এক ব্যক্তির হাতে। এতে নৈরাজ্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

“আমাদের শীর্ষ পর্যায়ের নেতারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন, তাদের জামিন দেয়া হয়নি। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, আজ রাষ্ট্র জুডিশিয়াল ট্যারোরিজমে পরিণত হয়েছে।”

এই অবস্থা থেকে পরিত্রাণে সরকারের বিরুদ্ধে আন্দোলনে দেশবাসীকে নামার আহ্বান জানান যুগ্ম মহাসচিব।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিনের সঙ্গে ছিলেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, শামীমুর রহমান শামীম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, রফিক শিকদার প্রমুখ।