ব্লগারদের মুক্তির দাবিতে শাবিতে মানববন্ধন
ব্লগারদের মুক্তি এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা।
রোববার দুপুর ১২টার দিকে ‘মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির চর্চাই মানব সভ্যতার প্রধান চালিকাশক্তি’ স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের এ মানববন্ধনে শিক্ষকরাও অংশ নেন।
হেফাজতে ইসলাম জামায়াত-শিবিরকে রক্ষার জন্য বিভিন্ন অপচেষ্টা করছে অভিযোগ করে বক্তারা বলেন, সুশিক্ষিত মানুষ মাত্র ধর্ম সচেতন, তাই তারা অশিক্ষিত মানুষকে ধর্ম সম্পর্কে ভুল ব্যখ্যা করে জামায়াত-শিবিরকে বাঁচাতে চাইছে। গণতন্ত্রকে অক্ষুন্ন রাখতে হলে জামায়াত ইসলামীর এই অপতৎপরতা প্রতিরোধ করতে হবে।
ভোটের নোংরা রাজনীতিতে মেতে উঠলে তরুণ প্রজন্ম তাদের যথার্থ জবাব দিবে বলেও সরকারকে হুশিয়ার করে দেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা সিদ্দিকা রনি, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিখিলেন্দু দেব, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক রেজওয়ান সোবহান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন রাব্বী প্রমুখ।
‘নাস্তিক’ অাখ্যা দিয়ে চার ব্লগারকে গ্রেপ্তার করেছে সরকার।
