চট্টগ্রামে জুতা কারখানায় আগুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) এক্সেলসিয়র সুজ নামে একটি জুতা কারখানা পুড়ে গেছে।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার কারখানা বন্ধ ছিল।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা, বন্দর ও ইপিজেড ফায়ার সার্ভিসের ২০ গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভাতে নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও সাহায্য করেছেন বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একতলা ভবনের কারখানার রাসায়নিক দ্রব্যের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন গুদামে ছড়িয়ে পড়ে।”
আগুনে রাসায়নিক উপাদান ছাড়াও তৈরি জুতা পুড়ে গেছে। দুটোই দাহ্য বস্তু হওয়ায় আগুন নেভাতে সময় লেগেছে বলে জানান জসিম উদ্দিন।
জসিম জানান, রাত সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানোর কাজ চলছে।
