২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের দুই আন্তর্জাতিক সংগঠনের উদ্বেগ

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেয়ার অভিযোগে চার বাংলাদেশি ব্লগারকে আটক করে রিমান্ডে নেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাদের মুক্তি দাবি করেছে গণমাধ্যম কর্মীদের দুটি আন্তর্জাতিক সংগঠন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 02:20 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্লগারদের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

অন্যদিকে শুক্রবার এক বিবৃতিতে ধর্মীয় মূলনীতির প্রতি আঘাতমূলক ব্লগ পোস্ট করার অভিযোগে আটক চার জনের মুক্তি দাবি করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)।

সিপিজের বিবৃতিতে সংগঠনের এশিয়া প্রোগ্রামের সমন্বয়ক বব ডিয়েজ বলেন, “সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় অনুভূতির সঙ্গে একমত না হওয়ায় ব্লগারদের আক্রমণের লক্ষ্যবস্তু করাটা গভীর উদ্বেগের বিষয়। ইন্টারনেটের উপর এ ধরনের আক্রমণ ত্রাসের পরিবেশ তৈরি করে এবং স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত করে, যা গণতন্ত্রের প্রতি হুমকি।”

কথিত ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হানার অভিযোগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা শাহবাগের গণজাগরণ আন্দোলনের সঙ্গে যুক্ত ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবি জানায় হেফাজতে ইসলাম।

তাদের দাবির মধ্যে গ্রেপ্তার করা হয় ওই চার ব্লগারকে। এ ঘটনার পর বিভিন্ন মহল থেকে ব্যাপক সমালোচনা ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ চলছে।

ইতিমধ্যে চার ব্লগারের মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি চলছে। এই দাবিতে ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।

ফেইসবুক ও ব্লগে ইসলাম ও হযরত মুহম্মদকে (সা.) নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যকারীদের সনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৩ মার্চ একটি কমিটি করে সরকার।

ফেইসবুক ও ব্লগে ‘আপত্তিকর’ মন্তব্য নিয়ে অভিযোগ জানাতে একটি ই-মেইল ঠিকানাও খুলেছে এই কমিটি।