২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাগাতার হরতালের হুমকি হেফাজতের

লংমার্চের দিন ডাকা হরতাল প্রত্যাহার করা না হলে লাগাতার হরতালের হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 06:18 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামে একই সময়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয়া হয়।

রাজধানীর লালবাগে ইসলামী ঐক্যজোটের কার্যালয়ে হেফাজতে ইসলামীর লিখিত বক্তব্যে বলা হয়, “সরকার তার দলের ও পক্ষের বিভিন্ন সংগঠনকে দিয়ে আমাদের কর্মসূচির দিনে হরতাল আহ্বান করিয়েছে। আজ সন্ধ্যা ৬টার মধ্যে হরতাল প্রত্যাহার করা না হলে রোববার থেকে সারা দেশে লাগাতার হরতাল পালন করা হবে।”

হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফির পক্ষে এই লিখিত বক্তব্য পড়ে শোনান মহাসচিব জুনায়েদ বাবু নগরী ও প্রচার সম্পাদক আহাদ মাদানী।

আর চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, “শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত যে হরতালের ডাক দেয়া হয়েছে তা প্রত্যাহার করা না হলে আমরা ৭ এপ্রিল রোববার থেকে লাগাতার হরতাল করব।”

হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার সারা দেশে সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এদিকে যুদ্ধারাধীর সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তিসহ ছয় দফা দাবিতে শুক্রবার জুমার পর চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে লংমার্চ শুরুর কথা রয়েছে হেফাজত কর্মীদের।  

লালবাগের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয়, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আগের সব ওয়াদা-অঙ্গীকারের কথা ভুলে গিয়ে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের ধারাটি মুছে দেয়। ইসলাম ও কুরআন-সুন্নাহ বিরোধী শিক্ষানীতি, নারী নীতি পাস করে, শাহবাগী নাস্তিক মুরতাদ-ব্লগারদের মাধ্যমে আল্লাহ, কুরআন-হাদীসকে নিয়ে জঘন্য ভাষায় অবমাননাকর উক্তির পথ উন্মুক্ত করে দেয়া হয।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবু নগরী বলেন, “আমাদের আন্দোলন গণজাগরণের বিরুদ্ধে নয়। আমাদের মূল দাবি- নাস্তিকতার জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাশ করা।”

যুদ্ধাপরাধীদের বিচার চান কি না- এমন প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, “হেফাজত ইসলাম অরাজনৈতিক আন্দোলন করে। তাই কে ক্ষমতায়, কে বিরোধী দলে, পদ্মা সেতু, হল-মার্ক এ ধরনের রাজনৈতিক ইস্যু নিয়ে আন্দোলন করি না।”

হেফাজতের আমীর শাহ আহমদ শফী, খেলাফত আন্দোলনের আমীর আহমদ উল্লাহ আশরাফ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যার আব্দুল লফিত নেজামী, বাংলাদেশ খেলাফত মসলিশের আমীর মো. ইসহাকসহ মাওলানা মুফতি ওয়াক্কাস, মাওলানা আশরাফ আলী ও মাওলানা আবদুল কুদ্দুস সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে আজিজুল হক ইসলামাবাদী বলেন, “আমাদের লংমার্চ কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, অথচ সরকারের পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে সেক্টর কমান্ডার্স ফোরাম ও ইসলাম বিদ্বেষী শাহরিয়ার কবিরের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটি লংমার্চ বানচাল করার জন্য হরতাল ডেকে তাদের আসল চেহারা তৌহিদী জনতার সামনে উন্মোচন করেছেন।”

তিনি বলেন, “আমরা হরতাল ডাকার তীব্র নিন্দা জানাচ্ছি। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত ডাকা হরতাল প্রত্যাহার না করলে আমরা অনির্দিষ্টকালের হরতাল ডাকতে বাধ্য হব।”

লংমার্চ সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, কক্সবাজারের পেকুয়া ও চকোরিয়ায় পুলিশ হেফাজত কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকারের পক্ষ থেকে লংমার্চের জন্য বাস ভাড়া না দিতে মালিকদের চাপ দেয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

ঢাকার উদ্দেশ্যে যাত্রা

শুক্রবার  জুমার পর বন্দরনগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে হেফাজতে ইসলামের কর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে বলে আজিজুল হক জানান।

তিনি বলেন, “পাঁচ লাখেরও বেশি লোক ১০ হাজারের বেশি গাড়ি নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাবে। বাসে যেতে বাধা দিলে পায়ে হেঁটেই ঢাকা যাবে হেফাজতের কর্মীরা। ঢাকায় যাওয়ার পথে যেখানেই বাধা দেয়া হবে সেখানেই সমাবেশ করা হবে।”

‘১০ টাকাও লাগে না’

আজিজুল হক ইসলামাবাদী বলেন, হেফাজতে ইসলামীর আন্দোলন আওয়ামী লীগ-বিএনপির মতো নয়।

“আওয়ামী লীগের ১০ হাজার লোক আনতে ১০ লাখ টাকা লাগে। আর আমাদের ১০ টাকাও লাগে না।”

অন্যদের মধ্যে  হেফাজতে ইসলামের নায়েবে আমির শাহ মুহিবুল্লাহ বাবু নগরী, নায়েবে আমির হাফেজ শামসুল আলম, ইসলামী আন্দোলনের জান্নাতুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।