সাগর থেকে ৩ জেলের লাশ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালী সংলগ্ন সাগর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যায় স্থানীয় জেলেরা সাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে ওই তিন জেলের লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে শেখেরখিল থেকে অন্তত ২৫ কিলোমিটার গভীরে সাগরে বেশ কয়েকটি লাশ ভেসে ওঠে। জলদস্যুরা এদের হত্যা করেছে বলে তাদের ধারণা।
কোস্ট গার্ড চট্টগ্রাম অঞ্চলের অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে।
স্থানীয়রা ১৬টি লাশ ভেসে ওঠার খবর জানালেও এই বিষয়ে প্রশাসন কিংবা পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে লাশ ভেসে ওঠার খবর তারাও জেনেছে।
বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশ ভেসে ওঠার খবর পেয়েছি। তবে তা উদ্ধার না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।”
গত ২৫ মার্চ সাগরে জলদস্যুদের কবলে পড়ে তিনটি জেলেনৌকা, অপহরণ করা হয় ৩২ জেলেকে।
বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখের খিলের তিনজনও অপহৃতদের মধ্যে রয়েছেন।
লাশ ভেসে ওঠার খবর তিনিও পেয়েছেন বলে জানান।
লাশ ভেসে ওঠার পর সাগরে অবস্থানরত জেলেরাই তা দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়।
