আগুনে পুড়লো কষ্টে জমানো টাকা
মেয়ের বিয়ের জন্য দশ বছর ধরে তিল তিল করে লাখ খানেক টাকা জমিয়েছিলেন গার্মেন্টকর্মী আয়োশা বেগম। আগুনে পুড়ে গেছে তার সেই সঞ্চয়, সঙ্গে স্বপ্নও।
নগরীর আইসফ্যাক্টরি রোড এলাকায় রেলওয়ে স্টেশনের পাশে বাস্তুহারা কলোনিতে রোববার দুপুরে আগুনে নিঃস্ব হয়ে গেছে আয়েশার মতো আরো বিশটি পরিবার।
দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ঘরের সামনে পোড়া-অর্ধ পোড়া ৫০০ আর একহাজার টাকার নোটগুলো হাতে নিয়ে বিলাপ করছেন আয়েশা বেগম।
কান্না জড়ানো কণ্ঠে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জীবনের জমানো সব টাকায় আগুনে পুড়ে গেছে। আমার মেয়েকে কীভাবে বিয়ে দেবো। কীভাবে ছেলেকে লেখাপড়া করাবো।”
প্রতিমাসে চার হাজার টাকা বেতনে একটি পোশাক কারখানায় কাজ করেন আয়েশা। অতিরিক্ত কাজ করে মাস শেষে আসতো আরো তিন হাজার টাকা। নিজে ও দুই ছেলে-মেয়ের ভরণ পোষণের পর গত ১০ বছরে জমিয়েছিলেন এক লাখ ২০ হাজার টাকা।
আয়েশা জানান, ১২ বছর আগে স্বামী দেলোয়ার হোসেনের মৃত্যুর পর সে পোশাক শ্রমিকের কাজ নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামে চলে আসে। গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার রুহুদী দক্ষিণপাড়ায় ছেলে ও মেয়ে থাকে।
মেয়ে আসমা বেগমের বিয়ে উপলক্ষে টাকা নিয়ে বাড়িতে যাবে ভেবেই কয়েকদিন আগে ওই টাকা ব্যাংক থেকে তুলে ঘরে রেখেছিলেন আয়েশা। অন্যান্য দিনের মতো রোববার সকালে তিনি নগরীর স্টেশন রোডের এশিয়া গার্মেন্টসে কাজ করতে যান।
বেলা ১২ টার দিকে এক প্রতিবেশীর ফোনে জানতে পারেন তার বসতঘরে আগুন লেগেছে। অনেক কান্নাকাটির পরও এ সময় কর্তৃপক্ষ আয়েশাকে যেতে দেয়নি।
দুপুরে খাবারের ছুটির সময়ে বাস্তুহারা কলোনিতে এসে দেখে অন্যান্যদের ঘরের সঙ্গে আয়েশার ঘরটিও সম্পূর্ণ পুড়ে গেছে। সঙ্গে ঘরে থাকা নগদ টাকাগুলোও পুড়ে যায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে রান্নার চুলা থেকে বাস্তুহারা কলোনির একটি ঘর থেকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের চারটি গাড়ি স্থানীয় লোকজনের সহায়তায় দুপুটর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাস্তুহারা কলোনির এসব বস্তি ঘরে রিকশাচালক, তৈরি পোশাক শ্রমিক, দিনমজুরসহ নিম্ন আয়ের লোকজন বসবাস করতেন।
