২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে হাতবোমা বিস্ফোরণে দুই কিশোর আহত

গোপালগঞ্জে হাতবোমা বিস্ফোরণে মঙ্গলবার দুই স্কুলছাত্র আহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 06:59 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

রাতে শহরতলীর ঘোষের চরের হেমাঙ্গন আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন- ঘোষেরচর পূর্বপাড়া গ্রামের মশিউর রহমান মোল্লার ছেলে অষ্টম শ্রেণির ছাত্র নাইমুর রহমান লিংকন(১৩) এবং হেমাঙ্গন এলাকার আবুল কাশেম সিকদারের ছেলে নবম শ্রেণির ছাত্র আকাশ সিকদার।

তাদের দুজনেরই বুক, মুখসহ শরীরের বিভিন্ন স্থান স্পিন্টারের আঘাতে জখম হয়েছে। তাদের গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।          

আহত লিংকন সাংবাদিকদের জানায়, এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে একটি প্লাস্টিকের কৌটার ভেতরে আগুন জ্বলতে দেখে তারা কাছে যান। আর সেই মুহূর্তে তা বিস্ফোরিত হয়।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পুলিশ এ ঘটনা তদন্ত করছে। বিস্ফোরকের আলামত সংগ্রহ করা হয়েছে।