খালেদার সফর নিয়ে প্রশ্ন বগুড়ায়ও
পুলিশের গুলিতে নিহতদের সান্ত্বনা জানালেও জামায়াতি তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের কাছে না যাওয়ায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা উঠেছে বগুড়ায়।
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর জামায়াতি তাণ্ডবের ফলে সৃষ্ট সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা ও আর্থিক সহযোগিতা দিতে রোববার বগুড়া ও জয়পুরহাট যান খালেদা জিয়া।
গত ৩ মার্চ জামায়াতি তাণ্ডবের সময় পুলিশের গুলিতে এই দুই জেলায় ২০ জন নিহত হন।
জেলা শহরের জামায়াতি হামলায় ক্ষতিগ্রস্ত সাতমাথা মোড়ের চা দোকানি মো. রফিকুল ইসলাম বিএনপি চেয়ারপারসনের দেখা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।
জামায়াত-শিবিরের হামলায় তার দোকানের এক মন দুধসহ ১১ হাজার টাকার ক্ষতি হয় বলে জানান তিনি।
রফিক বলেন, “আমার মতো মানুষের এত ক্ষতি সামাল দেয়া অসম্ভব। ভেবেছিলাম খালেদা জিয়া ক্ষতিগ্রস্ত সব জায়গা পরিদর্শন করে সমবেদনা জানাবেন এবং এসব সন্ত্রাসীদের বিচার দাবি করবেন।”
“কেননা বগুড়া তার নিজের এলাকা,” এই মন্তব্য করে তিনি বলেন, “এখানে একপক্ষ হওয়ায় আমরা খুশি না।”
স্থানীয় কলেজের প্রভাষক মোস্তফা বাবু বিএনপি চেয়ারপারসনের সফরকে জামায়াত-শিবিরকে ‘সন্তোষ’ করার কর্মসূচি আখ্যায়িত করেন।
“আশা করছিলাম, তিনি বগুড়ার নারকীয় তাণ্ডবে যেখানে যেখানে ক্ষতি হয়েছে, সে জায়গাগুলো পরিদর্শন করে সান্ত্বনা দেবেন। কিন্তু তিনি তা তো করেননি, বরং সমাবেশে এ তাণ্ডবের বিষয়ে কোনো বক্তব্য রাখেননি।”
বিরোধী নেতার আচরণে বগুড়ার মানুষ হতাশ হয়েছে, বলেন তিনি।
শুধু গাবতলীতে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শনের সমালোচনা করেন সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের শেষ বর্ষের ছাত্র মো. আব্দুল হান্নান।
“এই পরিদর্শন ছিল স্ববিরোধী। ওই মন্দির ও প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িত ছিল জামায়াত-শিবিরকর্মীরা। জামায়াত-শিবিরকে বাঁচাতে লোক দেখানো পরিদর্শন সবাইকে হতবাক করেছে।”
“যদি তিনি ৩ মার্চ ক্ষতিগ্রস্ত সব এলাকায় যেতেন, তাহলে বুঝতাম তিনি দায়িত্বশীল বিরোধীদলীয় নেতার ভূমিকা পালন করেছেন,” বলেন এই শিক্ষার্থী।
তিনি বলেন, বগুড়ায় সমাবেশে সারাদেশ অচলের হুমকি দিয়ে খালেদা জিয়া কার্যত জামায়াত-শিবিরকে ‘উস্কে’ দিয়েছেন।
শাহজাহানপুরে জামায়াতি তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়।
বগুড়া শহরের নারুলী, ফুলবাড়ি, উপশহর, ষ্টেডিয়াম, কৈগাড়ি ফাঁড়িতে জামায়াত-শিবিরের কর্মীরা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। হামলা হয় বগুড়া সদর থানাতেও।
এছাড়া শাজাহানপুর থানা, গাবতলী থানা এবং শিবগঞ্জের মোকামতলা পুলিশ ফাঁড়িতে আক্রমণ করে জামায়াত-শিবির।
জেলা শহরে এসএ পরিবহন, করতোয়া কুরিয়ার সার্ভিস ও এটিএন অফিস ভাংচুরের পর আগুন দেয়া হয় সেদিন।
ওই তাণ্ডবের ঘটনায় করা মামলার আসামি জেলা জামায়াতের আমির অধ্যক্ষ সাহাবুদ্দীনকে নিয়ে সমাবেশ করায়ও খালেদা জিয়ার সমালোচনা করেন তার নির্বাচনী এলাকার মানুষ।
