কয়েক মাসের মধ্যেই এই সরকারকে বিদায়: খালেদা
আন্দোলন জোরালো করার মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে মহাজোট সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছেন খালেদা জিয়া।
রোববার বগুড়ার শাহজাহানপুরে সমাবেশে এই হুমকি দেন বিরোধীদলীয় নেতা।
সরকারবিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি আগামী সোমবার দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
কী কর্মসূচি আসছে, সে বিষয়ে স্পষ্ট না বললেও ঢাকা অবরোধের মতো কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
বগুড়া ও জয়পুরহাটে খালেদা জিয়াকে স্বাগত জানাতে ছিলেন নারীরাও।
গত ৩ মার্চ বগুড়ার শাহজাহানপুরে এক শিশুসহ চার, মাটিডালীতে ৭ জন, গাবতলীতে তিন জন এবং জয়পুরহাটের পাঁচবিবিতে ৬ জন নিহত হন।
ঢাকা থেকে রওনা হয়ে শনিবার বগুড়ায় রাত কাটিয়ে রোববার সকালে মাটিডালি বাজার মোড়ে সমাবেশ করেন বিরোধী নেতা।
পরে পাঁচবিবির শালাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করেন তিনি। সন্ধ্যায় শাহজাহানপুরে আড়িয়া রহিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করে তিনি ঢাকায় রওনা হন।
বিরোধীদলীয় নেতা নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের আর্থিক সহযোগিতা দেন।
‘বড় কর্মসূচি আসছে’
শাহজাহানপুরের সমাবেশে বিএনপি চেয়ারপারসন বলেন, “আন্দোলনের কর্মসূচি দিয়ে দেশ অচল করে দিতে হবে। আগামী কয়েক মাসের মধ্যেই এই সরকারের বিদায় দেয়া হবে।”
“আর বসে থাকার সময় নেই। সব পেশার মানুষকে রাস্তায় নামতে হবে। আমরা যেসব কর্মসূচি দেব, তা সফল করতে হবে। আমি ডাক দিলে তাতে দেশবাসী ঐক্যবদ্ধভাবে সাড়া দেবে, এই বিশ্বাস আমার আছে,” বলেন তিনি।
মাটিডালির সমাবেশে খালেদা জিয়া বলেন, “আপনারা অনেক কষ্ট করেছেন। আরো কিছুদিন কষ্ট করতে হবে। আগামীকাল (সোমবার) বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
কর্মসূচির বিষয়ে পাঁচবিবির জনসভায় তিনি বলেন, “এমন পরিস্থিতি সৃষ্টি করব, সরকার বাধ্য হবে ক্ষমতা ছাড়তে। প্রয়োজনে আবার ‘ঢাকা চলো’ কর্মসূচি হবে। এবারের ঢাকা চলোতে আপনারা সবাই ঢাকা যাবেন, সরকারকে বিদায় করে ফিরবেন।”
এর আগে গত বছরের ১২ মার্চ ‘ঢাকা চলো’ কর্মসূচিতে ১২ মার্চ মহাসমাবেশ করেছিল বিএনপি। এ কর্মসূচিকে সরকারের বাধার প্রতিবাদে হরতালও ডাকে বিএনপি।
বগুড়ার মাটিডালী বিমান মোড়ে রোববার এক জনসভায় বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বিরোধী নেতা বলেন, “আপনারা জনগণের কাতারে আসুন। এই সরকারের দিন শেষ হয়ে গেছে। তারা হয় পালাবে, নইলে তাদের লাল দালানে যেতে হবে। তাই জনগণের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন না।”
‘প্রধানমন্ত্রী ভারতের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে চান’
বর্তমান সরকার নতজানু পররাষ্ট্র নীতি অনুসরণ করছে অভিযোগ করে খালেদা বলেন, “বাংলাদেশকে দেউলিয়া করে তারা প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করছে। আমাদের সীমান্তে বিএসএফ ঢুকে গুলি চালিয়ে মানুষ হত্যা করে চলে যায়। বোবা সরকার প্রতিবাদ পর্যন্ত করতে পারে না।”
ভারতের বাজারের ‘স্বার্থে’ দেশের তৈরি পোশাক শিল্প ‘ধ্বংস’ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
খালেদা বলেন, “বর্তমান সরকারের হাতে দেশের স্বাধীনতা ও সাবভৌমত্ব নিরাপদ নয়। তারা দেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিচ্ছে।
“আমাদের দেশের প্রধানমন্ত্রী ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে চান। এজন্য তিনি দাদাদের কোনো কিছুতে প্রতিবাদ করেন না। এভাবে একটি স্বাধীন দেশ চলতে পারে না, চলতে দেয়া যায় না।”
‘সরকারকে পদত্যাগ করে নির্বাচন দিতে হবে’
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলে ধরে খালেদা জিয়া বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, এই সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আসতে হবে।
“নির্বাচনে সমান সুযোগ সৃষ্টি করতে হবে। আওয়ামী লীগকে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না।”
বর্তমান নির্বাচন কমিশন সরকারের ‘তল্পীবাহক’ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বিরোধী নেতা।
সরকারের বিরুদ্ধে বিচার বিভাগকে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, “এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে, সরকার যেভাবে শাস্তি দিতে বলে, রিমান্ডে নিতে বলে সেভাবে আদেশ হয়।
“কেবল তাই নয়, রাজনৈতিক নেতা-কর্মীদের ডাণ্ডাবেড়ি পরানো হচ্ছে। একদিন এই সরকারের লোকজনকে সেই ডাণ্ডাবেড়ি পরানো হবে।”
পিলখানা হত্যাকাণ্ডের জন্য বর্তমান সরকারকে দায়ী করে খালেদা জিয়া বলেন, “এই হত্যাকাণ্ডের সত্যিকারের বিচার আজো হয়নি। একদিন এই সরকারকে জবাবদিহি করতে হবে।”
বিডিআর হত্যার তদন্তে সেনাবাহিনীর তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবিও জানান তিনি।
সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার পর সাধারণ ছুটি ঘোষণা দেরিতে দেয়ারও সমালোচনা করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
‘চোখের পানি আর নয়”
বিরোধী নেতা বলেন, “এই সরকার পাখির মতো গুলি চালিয়ে মানুষ হত্যা করছে। তারা ১৭০ জন নিরীহ মানুষকে হত্যা করেছে।
“তারা যেভাবে আজ গণহত্যা চালাচ্ছে, আর তাদের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই।”
সরকারিবিরোধী আন্দোলনে জনগণকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আর চোখের পানি ফেললে চলবে না। খুনি ও অপদার্থ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
এজন্য দেশবাসীকে সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান তিনি।
পুলিশের ‘নির্বিচারে’ গুলিবর্ষণের বিরুদ্ধে সাধারণ মানুষকে লাঠি-সোঁটা নিয়ে রাস্তায় নামার জন্য বগুড়াবাসীকে অভিনন্দন জানান তিনি।
ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন
জামায়াতি তাণ্ডবের মধ্যে ক্ষতিগ্রস্ত বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ও রামেশ্বরপুর ইউনিয়নের মন্দির পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসন।।
বর্তমান সরকারের আমলে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয় মন্তব্য করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার জন্য সরকারি দলকে দায়ী করেন তিনি।
“কয়েক মাস আগে চট্টগ্রামের রামুতে বৌদ্ধ মন্দির ভাংচুর ও লুটপাট করেছে আওয়ামী লীগ। এখন তারা হিন্দুদের মন্দির ও প্রতিমা ভাংচুর করছে।”
“সরকারের সন্ত্রাসীরা বিশ্বজিত দাসের মতো ছেলেকেও কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে।”
খালেদা জিয়া মন্দির পরিদর্শনের সময় হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, “নিজেদের ব্যর্থতা ঢাকতেই ক্ষমতাসীনরা মন্দিরের প্রতিমা ভেঙে জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরানোর অপচেষ্টা করছে। তবে জনগণ সরকারকে চিনে গেছে।”
