ভোলায় নিঁখোজ তরুণীর লাশ উদ্ধার
ভোলার মনপুরা থেকে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে এক তরুণীর গলিত লাশ।
নিহত মামুলী আক্তার পাঙ্খা (১৮) উপজেলার রহমানপুর গ্রামের সালাউদ্দিন রাঢ়ীর মেয়ে। এক বছর আগে একই গ্রামের লুৎফর রহমানের ছেলে দুলাল মোল্লার সঙ্গে মামুলীর বিয়ে হয়েছিলো।
নিখোঁজ হওয়ার দুই দিন আগে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে মেঘনার চর নিজাম সংলগ্ন এলাকা থেকে লাশ উদ্ধারের পর শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মামুলীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন নিহতের বাবা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেয়ে ৬ মার্চ মামুলী তার স্বামীকে ডিভোর্স দেয়। এর দুই দিন পরই সে নিঁখোজ হয়।”
মনপুরা থানার এসআই মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশের বিভিন্ন অংশে পচন ধরায় প্রাথমিকভাবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি বোঝা যাবে।”
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
