খালেদাকে হুঁশিয়ার করলেন হাসিনা
আন্দোলনের নামে কোনো রক্তপাত সরকার সহ্য করবে না বলে বিরোধী দলকে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার পতনের ডাক দিয়ে শনিবার মানিকগঞ্জের সিঙ্গাইরে খালেদা জিয়ার বক্তব্য ধরে তিনি সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় এই হুঁশিয়ারি দেন।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের আন্দোলনকারীদের নিয়ে বিরোধী নেতার বক্তব্যেরও জবাব দেন আওয়ামী লীগ সভাপতি।
যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর তাণ্ডব প্রতিরোধে জেলায় জেলায় গঠিত সন্ত্রাস প্রতিরোধ কমিটিকে সহায়তার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
বিরোধী দলের হরতালের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে আওয়ামী লীগ, যাতে সভাপতির বক্তব্য রাখেন শেখ হাসিনা।
সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার আওয়ামী লীগ আয়োজিত জনসভার একাংশ।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রক্তপাতের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় যেতে চান।
সিঙ্গাইরের জনসভায় বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, “এদের (সরকার) বিদায়ের জন্য হয়ত আরো কিছু প্রাণহানি হবে। তারপরও সরকার পতনের জন্য আমাদের রাস্তায় নামতে হবে।”
শেখ হাসিনা বলেন, “তিনি দুই বারের প্রধানমন্ত্রী। তিনি কীভাবে মানুষের রক্ত চান? যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য তিনি আরো জীবন নেবেন! আর কত রক্ত নেবেন?
“মানুষের রক্ত নেয়া উনাদের চরিত্র, রক্ত নিয়ে উনি ক্ষমতায় যেতে চান, বাংলাদেশকে ধ্বংস করে মসনদে বসতে চান। উনার রক্ত পিপাসা এখনো মেটেনি। উনি দেশকে ধ্বংস করতে চান।”
“এই রক্তপিপাসুকে ভোট দিয়ে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসাবে,” প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সভাপতি।
বাংলাদেশের মাটিতে আর কোনো ধরনের রক্তপাত আওয়ামী লীগ চায় না বলে এ নিয়ে বিরোধী নেতাকে হুঁশিয়ার করেন তিনি।
শেখ হাসিনা বলেন, “কেউ যদি জানমালের ক্ষতি, জনগণের জীবন নিতে চায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর।”
জামায়াতি তাণ্ডব ঠেকাতে গিয়ে সহিংসতায় প্রাণহানির ঘটনায় জাতিসংঘ শান্তি রক্ষী দলে পুলিশের অংশগ্রহণ হুমকির মুখে পড়েছে বলে যে বক্তব্য খালেদা জিয়া দিয়েছেন, তারও সমালোচনা করেন শেখ হাসিনা।
তিনি বলেন, “উনার পুলিশের ওপর এত গোস্বা কেন? জাতিসংঘে যেন পুলিশ বাহিনীকে নেয়া না হয়, সে জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
“চারদলীয় সরকারের সময় পুলিশের চার শতাধিক সদস্য গিয়েছিল। আর আওয়ামী লীগের শাসনামলে ৭ হাজার ৬০০ সদস্য জাতিসংঘে গেছে।”
যুদ্ধাপরাধের সর্বোচ্চ শান্তি এবং জামায়াত নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত শাহবাগের তরুণদের ‘নাস্তিক’ আখ্যা দিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “একজন মুসলমান হয়ে আরেকজনকে নাস্তিক বলে কীভাবে? তিনি আল্লাহর ওপরও বিশ্বাস হারিয়েছেন।
“কে কতটুকু ধর্ম পালন করেন, তা তো সবারই জানা আছে, জেলখানায় তো পাশাপাশি ঘরেই ছিলাম, সব তো জানা, সে কথা আর বললাম না।”
গণজাগরণ মঞ্চের আন্দোলনে সমর্থন প্রকাশ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, “তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত, তারা সেই চেতনা নিয়ে সামনে এগিয়ে এসেছে।
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা।
“তিনি সিঙ্গাপুরে চিকিৎসা করে শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে অসুস্থতা নিয়ে ফিরে এসে কী করলেন, জামায়াতের পক্ষে সোচ্চার হলেন!”
বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “জামায়াত নামে ইসলাম। কাজে কী তা সবাই জানে। বিএনপি-জামাতের বিভ্রান্তিতে কান দেয়া যাবে না।”
একাত্তরের যুদ্ধাপরাধের বিচার বানচালের যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
“আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছি, এটা যদি কেউ বন্ধ করতে চায় সকলের প্রতি আমার আহ্বান- সকলের ঐক্যবদ্ধ হয়ে কুচক্রি মহলকে রুখে দাঁড়ান। এ যুদ্ধাপরাধীদের কেউ যেন বাঁচাতে না পারে।”
জেলায় জেলায় গঠিত সন্ত্রাস প্রতিরোধ কমিটিতে আলেম, ওলামা, মাশায়েখদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
কমিটিকে সহযোগিতা করতে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
সোমবার বিকাল ৩টার দিকে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে আওয়ামী লীগের এই সমাবেশ শুরু হয়।
বিকাল পৌনে ৪টার দিকে শেখ হাসিনা সমাবেশস্থলে পৌঁছান।
দুপুর থেকেই ঢাকার বিভিন্ন ওয়ার্ড এবং আশপাশের জেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে শুরু করেন।
বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে এই জনসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন।
‘যুদ্ধাপরাধীদের রক্ষায় উনি অস্থির’
শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় অস্থির হয়ে পড়েছেন বিএনপি নেত্রী। কারণ, ওনার যুদ্ধাপরাধীদের বাঁচাতে হবে।
“ওনার স্বামী (জিয়াউর রহমান) যুদ্ধাপরাধীদের বাঁচিয়েছেন। তাই রায় বের হতে শুরু করতেই উনি ষড়যন্ত্র শুরু করলেন।”
শেখ হাসিনা বলেন, “আপনি আর আপনার স্বামী তো অনেক রক্ত নিয়েছেন।”
জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রাণহানির কথা উল্লেখ করে তিনি বলেন, “আপনার স্বামীর সময়ে ১৯টা ক্যু হয়েছে। একটার পর একটা ক্যু হয়েছে আর শতশত মুক্তিযোদ্ধা সৈনিককে আপনার স্বামী হত্যা করেছে।
“ঢাকা, বগুড়া আর কুমিল্লা সেনানিবাসে প্রতিদিন ১০/১২জন করে অফিসারকে ফাঁসিতে ঝোলানো হত। ৭৭ সালে বিমান বাহিনীর ৬৬৫ জন সদস্যকে হত্যা করা হয়।”
হরতালের আগে রোববার রাতে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ এবং হাতিরঝিলে গাড়িতে বোমা হামলায় তিন চিকিৎসকের আহত হওয়ার বিষয়টিও বক্তব্যে তুলে আনেন আওয়ামী লীগ সভাপতি।
“আপনি যে বোমাবাজি করেন- কে মরলো, আর কে মরলো না, তা কি দেখেন? আপনার দলের লোকও তো হতে পারে। তা দেখার সময় নেই আপনার। আপনার কাজ খুনিদের মদদ দেয়া।”
মাধ্যমিক পরীক্ষার মধ্যে হরতাল দেয়ায়ও বিরোধীদলীয় নেতার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
‘জামায়াতি অপপ্রচার সম্পর্কে সাবধান’
জামায়াত-শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জামাতে ইসলামী আসলে নামে ইসলামী।”
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে মক্কায় কাবা শরিফে ইমামদের মানববন্ধনের ভিত্তিহীন খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “যারা কোটি মুসলমানের প্রাণের জায়গা কাবা শরিফকে নিয়ে ভাঁওতাবাজি করে তারা কী ধরনের মুসলমান? জামাত কাবা শরীফ নিয়ে ভাঁওতাবাজি করছে। তারা কীসের ধর্মে বিশ্বাস করে?”
চাঁদে সাঈদীর মুখ দেখার অপ্রপ্রচার ধরে শেখ হাসিনা বলেন, “যারা চাঁদের কলঙ্ক সৃষ্টি করে তারা কী ধরনের মুসলমান?”
ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে অপপ্রচার চালানোর জবাবে শেখ হাসিনা বলেন, “তারা পাকিস্তানকে অনুসরণ করছে। পাকিস্তানে মৌলবাদীরা পোলিও’র টিকা দিতে দেয় না।”
