ঈশ্বরদীতে তেলের গুদামে আগুন
পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি তেলের গুদাম আগুনে পুড়েছে। এতে স্থানীয়দের মধ্যেও আতঙ্ক দেখা দেয়।
রোববার বিকালে শহরের ফকিরের বটতলা এলাকার মেসার্স কুন্ডু স্টোরে জ্বালানি তেলের গুদামে আগুন ধরার পর তা পাশের বাড়িতেও ছড়িয়ে পড়ে বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।
কুন্ডু স্টোরের মালিক অখিল কুমার কুন্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৪টার দিকে গুদামে আগুন ধরে গেলে ঈশ্বরদী ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়া হয়।
ঈশ্বরদী, পাবনা ও লালপুর থেকে তিনটি ইউনিট এসে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ওসি আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে জ্বালানি তেল ভর্তি ড্রাম ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি করতে থাকে।
অগ্নি নির্বাপক বাহিনীর ঈশ্বরদী স্টেশনের কর্মকর্তা রেজাউল করিম বলেন, আগুন লাগার কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
