শিবির নেতা নিহত: ১২ পুলিশের বিরুদ্ধে মামলা
সিলেটে গুলিতে নিহত শিবিরক নেতার বাবা পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন।
বুধবার দুপুরে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন নিহত আলী আজগর খান রাহাতের বাবা যুক্তরাষ্ট্র প্রবাসী সোলেমান খান।
বাদীর আইনজীবী জিয়া উদ্দিন নাদের বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার ওসিকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলায় সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) রাজিব দাস ও কোতোয়ালি মডেল থানার ওসি আতাউর রহমানসহ ১২ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।
এছাড়া অজ্ঞাত পরিচয় আরো ২৫-৩০ জনকেও আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন উপ-পরিদর্শক (এসআই) মফুর মিয়া, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল ওয়াদুদ, অসিত রঞ্জন দাস, কনস্টেবল সজল দাস, রাশেদুজ্জামান, ফারুক হাসান, আবুল কাশেম, রঞ্জন আচার্য, জুয়েল আহমদ ও আশিক আলী।
গত ১৬ ফেব্রুয়ারি নগরীর নয়াসড় এলাকায় জামায়াত-শিবিরের তাণ্ডব চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে মহানগর ছাত্রশিবিরের সহকারী তথ্য ও সমাজসেবা সম্পাদক আলী আজগর খান গুলিবিদ্ধ হন।
এর নয়দিন পর (২৫ ফেব্রয়ারি) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
মামলার নথি থেকে জানা যায়, নগরীর নয়াসড় এলাকায় জামায়া- শিবিরের সঙ্গে সংঘর্ষকালে অভিযুক্ত পুলিশ সদস্যরা আলী আজগর খান রাহাতকে পরিকল্পিতভাবে গুলি করেন।
