২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি চেয়ারম্যান খুন, সোমবার হরতাল পাবনায়

পাবনার এক বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদে সোমবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুষ্টিয়া/পাবনা,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 01:19 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হরতালের বিষয়টি নিশ্চিত করেন।

রোববার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার লালন শাহ সড়ক সেতুর পশ্চিম পাড়ে গোল চত্বরের কাছে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান ইব্রাহিম আলী মৃধার লাশ পায় পুলিশ।

ইব্রাহিম সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি পাবনা সদরের মনোহারপুর গ্রামের তাহের হোসেন মৃধার ছেলে।

জহুরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ইব্রাহিম আলী মৃধার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল (সোমবার) পাবনায় সকাল-সন্ধা হরতাল আহবান করা হয়েছে।

নিহতের বড় ছেলে রাজা মৃধা বলেন, তার বাবা চিকিৎসার জন্য ১০/১২ দিন আগে ঢাকায় যান। সেখানে থাকা অবস্থায় নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও গত শুক্রবার (৮ মার্চ) দুপুর থেকে কোনো যোগাযোগ ছিল না এবং তার ফোনটিও বন্ধ থাকে।

সকালে তিনি গিয়ে বাবার লাশ সনাক্ত করেন।

ভেড়ামারা থানার ওসি রিয়াজুল ইসলাম বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

মৃতদেহের অবস্থা এবং সেখান থেকে উদ্ধার করা বেল্ট ও দড়ি পাওয়ায় তাকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।