নারী জাগরণের সেই দিন
এই যাত্রার শুরুটা করেছিলেন নিউ ইয়র্কের পোশাক কারখানার কর্মীরা। দৈনিক কাজের সময় ১২ ঘণ্টা থেকে কমিয়ে ৮ ঘণ্টা নির্ধারণ, ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে তারা সোচ্চার হয়েছিলেন; যেতে হয়েছিল কারাগারেও।
নিজেদের অধিকার আদায়ে ১৮৫৭ সালের ৮ মার্চ এভাবেই উঠে দাঁড়ান যুক্তরাষ্ট্রের নারীরা।
এ দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৯১০ সালে জার্মানির নারী নেত্রী ক্লারা জেটকিন ‘নারী দিবস’ পালনের ডাক দেন। এরপর নারী প্রগতি এগিয়েছে আরো একশ বছর।
শুক্রবার সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
জাতিসংঘ এবারের নারী দিবসের প্রতিপাদ্য ঠিক করেছে- ‘নারী নির্যাতন বন্ধ আমরা করবোই; এখনই সময় দৃঢ় প্রতীজ্ঞার।’
আর বাংলাদেশে এ বছর দিবসটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে- “নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার”
৮ মার্চ ১৯৫৭, সিডনিতে আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা
নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, “সভ্যতার ঊষালগ্ন থেকে সকল উন্নয়ন ও অগ্রগতির অংশীদার হিসাবে পুরুষের পাশাপাশি নারী সমাজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। বিশ্বায়নের এ যুগে নারী সমাজকে বাদ দিয়ে একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করা অসম্ভব।
“নারীর অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি কন্যা শিশুদের যোগ্য হিসেবে গড়ে তুলতে নারী-পুরুষ উভয়কে সমভাবে এগিয়ে আসতে হবে। আমি নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানাই।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, “মানব সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে নারী সম অংশীদার। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ও নাগরিক জীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। ২০২১ সালের মধ্যে নারী পুরুষের সমতাভিত্তিক একটি সমৃদ্ধশালী জাতি গঠনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
“নারীর ক্ষমতায়ন, সমসুযোগ, সমঅধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষ সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।”
শুক্রবার প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে শুরু হয় এবারের নারী দিবসের উদযাপন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এ ‘আঁধার ভাঙার শপথ’ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারপারসন সুলতানা কামাল, সমন্বয়ক জিনাত আরা হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী এ সময় উপস্থিত ছিলেন।
নারী দিবসকে স্বাগত জানানোর আগে শহীদ মিনারে চলে নারী জাগরণের গান, নাচ ও পথ নাটক।
দিবসটি উপলক্ষে সংবাদপত্রগুলো শুক্রবার বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে, টেলিভিশন ও বেতারে সম্প্রচার করা হচ্ছে বিশেষ অনুষ্ঠান।
এই সমাবেশে অংশ নেয়ার জন্য পেশাজীবী ও শ্রমজীবী নারী সংগঠনগুলোসহ সব নারীর প্রতি আহ্বান জানিয়েছেন জাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
বিকালে সব পোশাক কারখানায় ছুটি দিয়ে নারী শ্রমিকদের সমাবেশে পাঠিয়ে দেয়ার জন্য গার্মেন্ট মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও নারী অধিকার সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে।
