২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা সেলিম গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর শাখার সহকারী সেক্রেটারি জেনারেল সেলিম উদ্দিনসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 03:07 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজধানীর কারওয়ান বাজারের ১৯/২, গার্ডেন রোডের একটি বাড়ির ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান জানান।

ওই ফ্ল্যাট থেকে উত্তরা থানা জামায়াতের নায়েবে আমীর মাহমুদুর রহমানকেও গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া বিভাগের উপ পরিচালক অভিষেক আহমেদ।

তাদের কাছ থেকে ১০টি মোবাইল সেট, ২টি সিম কার্ড এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।   

বিচারাধীন বিষয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে হাজির না হওয়ায় গত ৬ মার্চ সেলিমসহ তিন জামায়াত নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অন্য দুজন হলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ।

এই তিনজনকে ২১ মার্চের মধ্যে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ রয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের আগের দিন ৪ ফেব্রুয়ারি মতিঝিলে এক সমাবেশে সেলিম উদ্দিন বলেন, “একটা রায়-ই শেষ নয়। রায়ের পর বহু প্রতিক্রিয়া আছে। বিষয়টি হালকাভাবে দেখলে চলবে না। দেশকে গৃহযুদ্ধের থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেয়ার কোনো সুযোগ নেই।”

জামায়াতের অপর নেতা হামিদুর রহমান আযাদ ওই সমাবেশে বলেন, এ ট্রাইব্যুনাল আর এক মুহূর্তও চলতে পারে না।

এরপর ৫ ফেব্রুয়ারি জাতীয় দৈনিকে তাদের বক্তব্য সম্বলিত খবর প্রকাশিত হলে ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে ৭ ফেব্রুয়ারি নোটিস জারি করে।

তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই নোটিসে।

এছাড়া রফিকুল ইসলাম খান গত ৫ ফেব্রুয়ারি প্রেস ব্রিফিং করে ট্রাইব্যুনালের বিচারের বিষয়ে বক্তব্য দেন। সে বিষয়টি আমলে নিয়ে তাকেও হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

পুরনো খবর:

৩ জামায়াত নেতাকে গ্রেপ্তারের নির্দেশ