৩ জামায়াত নেতাকে গ্রেপ্তারের নির্দেশ
বিচারাধীন বিষয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে হাজির না হওয়ায় তিন জামায়াত নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত ৪ ফেব্রুয়ারি মতিঝিলে জামায়াতের এই সমাবেশ থেকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালবিরোধী বক্তব্য দেয়া হয়।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ এবং ঢাকা মহানগর শাখার সহকারী সেক্রেটারি জেনারেল সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করে ২১ মার্চের মধ্যে হাজির করতে বলেছে ট্রাইব্যুনাল।
এই তিন নেতাকে হাজির হতে এর আগে তিন দফা সময় দিলেও তাদের ট্রাইব্যুনালে আনতে পারেননি তাদের আইনজীবীরা। সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল জানায়, ৬ মার্চের মধ্যে তাদের হাজির করা না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।ব্যর্থতার জন্য তাদের আইনজীবীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছিল ট্রাইব্যনাল।
বুধবার আদালতের কার্যক্রম শুরুর পর ওই তিন জামায়াত নেতার আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ও অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেনের কাছে বিচারক জানতে চান, তিন নেতা কেন উপস্থিত হননি।
জবাবে আইনজীবীরা তাদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে নিজেদের ওকালতনামা প্রত্যাহার করে নেন।
জামায়াত নেতা সেলিম উদ্দিন গত ৪ ফেব্রুয়ারি মতিঝিলে দলের এক সমাবেশে বলেন, “একটা রায়-ই শেষ নয়। রায়ের পর বহু প্রতিক্রিয়া আছে। বিষয়টি হালকাভাবে দেখলে চলবে না। দেশকে গৃহযুদ্ধের থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেয়ার কোনো সুযোগ নেই।”
জামায়াতের অপর নেতা হামিদুর রহমান আযাদ ওই সমাবেশে বলেন, এ ট্রাইব্যুনাল আর এক মুহূর্তও চলতে পারে না।
এরপর ৫ ফেব্রুয়ারি জাতীয় দৈনিকে তাদের বক্তব্য সম্বলিত খবর প্রকাশিত হলে ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে ৭ ফেব্রুয়ারি নোটিস জারি করে।
তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই নোটিসে।
এছাড়া রফিকুল ইসলাম খান গত ৫ ফেব্রুয়ারি প্রেস ব্রিফিং করে ট্রাইব্যুনালের বিচারের বিষয়ে বক্তব্য দেন। সে বিষয়টিও ট্রাইব্যুনাল আমলে নিয়ে তাকেও হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়।
এর আগে ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়ে বক্তব্য দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
এছাড়া দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও বিএনপি নেতা এম কে আনোয়ারের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস জারি করে ট্রাইব্যুনাল।
